মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইল
প্রখ্যাত বাউল সাধক গোলাম মওলার ৭৯-তম ওরস উপলক্ষে বাউল গানের আসর বসেছিল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে। গত ৯ মার্চ চামারি ফতেপুর গ্রামবাসীর উদ্যোগে মাওলানা শাহ সৈয়দ গোলাম মওলা ও শাহ সৈয়দ আব্দুর রহমান পীর সাহেবের মাজার শরীফে দুই দিনব্যাপি ওরশ মোবারক ও বাউল গানের আয়োজন করা হয় । বাউল গানের মূল উদ্যোক্তা ছিলেন গোলাম মওলার পৌত্র শাহ সৈয়দ নাজমুল আলম ও বাউল গবেষক ও ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আব্দুল করিম মিঞা। দুই দিনব্যাপী এই বাউল গানের শিল্পী ছিলেন বাউল সম্রাট আব্দুল মালেক সরকার ও বাউল শিল্পী আকলিমা বেগম।
আয়োজকরা জানান, প্রতি বছর এই গ্রামে বিপুল উত্সাহ আর উদ্দীপনায় দুই দিনব্যাপী ওরস উপলক্ষে বাউল গানের মজমা বসে থাকে। এ বছরও তাই হয়েছে। এই গানের অনুষ্ঠানে বাউল গান সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বাউল গবেষক অধ্যাপক ড. আব্দুল করিম মিঞা। বাউল গান শুনতে মির্জাপুর, নাগরপুর, দেলদুয়ার, ধামরাই ও মানিকগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।
