মো. সফিউল্যাহ সবুজ, ভোলা সংবাদদাতা
ভোলা
মা ও শিশুর যত্ন, জন্ম নিবন্ধন, হাত ধোয়া, শিশু শ্রম, বাল্য বিয়ে, যৌতুক, গর্ভবতী মায়ের সেবা ও শিশুদের স্কুলে পাঠানো বিষয়ে জনসচেতনতামূলক ইন্টার অ্যাকটিভ পপুলার থিয়েটার (আইপিটি) শো মঞ্চায়ন চলছে লালমোহনে। ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে কোস্ট ট্রাস্ট-এর সহযোগিতায় লালমোহনের ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক সংগঠন তোলপাড় কৃষ্টি সংসার ইতোমধ্যে ৭০টি নাটক মঞ্চায়ন করেছে। লালমোহনের চরভূতা ও ফরাজগঞ্জ ইউনিয়নে এ সংক্রান্ত নাটক ‘স্বপ্ন’, ‘ভুল ভেঙ্গে দাও’ ও ‘পরিবর্তন’-এ ৩টি নাটক মঞ্চায়ন শেষ করেছে। চলতি বছরের মধ্যে লালমোহনের অন্য ৭ ইউনিয়নেও এ নাটকগুলো মঞ্চায়ন হবে। প্রতি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ৩টি নাটকের ৩টি করে শো প্রদর্শন চলবে। তোলপাড় কৃষ্টি সংসার-এর পরিবেশনায় ৩টি নাটকের ইতোমধ্যে ৭০টি নাটক মঞ্চায়ন শেষ হয়েছে। কিছুদিনের মধ্যে অন্যান্য ইউনিয়নেও নাটকগুলো মঞ্চায়ন সম্পন্ন হবে বলে জানিয়েছেন তোলপাড় কৃষ্টি সংসার-এর সাধারণ সম্পাদক জসিম জনি। তথ্যবহুল জনসচেতনমূলক ও রমরমা হাসির এ নাটক দেখে স্থানীয় গ্রামবাসীর মধ্যে আলোড়ন সৃষ্টি হচ্ছে।
কোস্ট ট্রাস্টের কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট (সিফরডি) প্রজেক্টের আওতায় চরফ্যাশনে কোস্ট ট্রাস্টের প্রধান কার্যালয়ে ৪ দিনব্যাপী ইন্টার্যাকটিভ পপুলার থিয়েটার ট্রেনিং কর্মশালায় ইম্প্রোভাইজেশন পদ্ধতিতে কর্মশালার প্রশিক্ষণার্থীরা নাটকগুলোর স্ক্রিপ্ট তৈরি করেন। কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন ইউনিসেফ-এর কনসালটেন্ট পুলক রাহা, সিফরডি প্রজেক্টের ভোলা প্রকল্প সমন্বয়কারী সাবিনা ইয়াসমিন, ট্রেনিং অফিসার খোকন চন্দ্র শীল প্রমুখ।
