দেশের শেয়ারবাজারে একসময় লেনদেন হতো দুই থেকে আড়াই হাজার কোটি। তা কমতে কমতে এক সময় নেমে আসে সাত থেকে আটশ’ কোটি টাকায়। তবে সাম্প্রতিক সময়ে লেনদেনের পরিমাণ আরো কমে নেমে এসেছে দুই থেকে তিনশ’ কোটি টাকায়। আর গত পাঁচ কর্মদিবসে লেনদেন হয়েছে দুইশ’ কোটি টাকারও নিচে। সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক মাস ধরে বাজারে লেনদেন খরা তীব্র হয়ে উঠেছে। এর কারণ হিসেবে তারা বলছেন, রাজনৈতিক অস্থিরতা ও আশঙ্কার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থার সঙ্কটও রয়েছে। ফলে অনেকেই বিনিয়োগ করছেন না। আবার অনেকে বিনিয়োগ করতে পারছেন না।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪৮ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৮৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক বেড়েছে ৫২ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৯৭ কোটি ৮৬ লাখ ৮৬ হাজার ৮৭৪ টাকা। যা আগের দিনের চেয়ে ৩২ কোটি ৯৫ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৭৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৪টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের। ডিএসইতে গতকাল মোট ২৭৫টি কোম্পানির ৪ কোটি ৮০ লাখ ৯৯ হাজার ৯০২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের হাত বদল হয়েছে। গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২২৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসই-৩০ মূল্যসূচক বেড়েছে ২০৪ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৬৩ লাখ ৩৮ হাজার ৭০ টাকা। লেনদেনকৃত ১৭৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ৩৪টির আর অপরিবর্তিত ছিল ১১টি কোম্পানির শেয়ারের দর।
শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদনের সঙ্গে জমা দেয়া হিসাব বিবরণিতে শেয়ারপ্রতি আয় বা ইপিএস ভুল দেখানোয় সাইফ পাওয়ারটেক কোম্পানিকে দুই লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির পাশাপাশি হিসাব নিরীক্ষক প্রতিষ্ঠান এস এফ আহমেদ অ্যান্ড কোম্পানিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। কোম্পানির শেয়ারের ইস্যু ব্যবস্থাপক আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকেও সতর্ক করার সিদ্ধান্ত নেয়া হয়। গত বুধবার কমিশনের সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সভায় সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সভায় পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
