আগামী কাল ১৫ মার্চ থেকে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বল রুমে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা-মনিটর-ইউনাইটেড এয়ারওয়েজ ঢাকা ট্রাভেল মার্ট-২০১৩। ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর ১০ম বারের মত এ মেলার আয়োজন করছে। মনিটর-ইউনাইটেড এয়ারওয়েজ ঢাকা ট্রাভেল মার্ট-২০১৩ আয়োজন উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির চেয়ারম্যান ও দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালক, বিপণন ও বিক্রয় খাজা জোনায়েদ, ইস্টার্ন ব্যাংকের হেড অফ ব্রান্ড এন্ড কমিউনিকেশন জিয়াউল করিম এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর পক্ষে, বিপণন ও বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক আবদুল্লাহ্ আল হাসান উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ মেলার সহযোগী প্রতিষ্ঠান হিসাবে রয়েছে। স্বাগতিক বাংলাদেশসহ ৬টি দেশের ৫০টি সংস্থা মেলায় অংশ নিচ্ছে, যার মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, বিমান সংস্থা, ট্রাভেল ও ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ। অংশগ্রহণকারী সংস্থাগুলো মেলা চলাকালীন দর্শণার্থীদের জন্য হ্রাসকৃত মূল্যে বিমান টিকিট, আকর্ষণীয় ট্যুর প্যাকেজসহ বিভিন্ন সেবা উপস্থাপন করবে। প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। প্রবেশ মূল্য হবে জনপ্রতি ২০ টাকা।
