বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবার কণ্ঠ দিবেন হলিউডের ছবিতে। তাও আবার থ্রিডি অ্যানিমেশন চলচ্চিত্র। বিশ্ববিখ্যাত অ্যানিমেশন ফিল্ম মেকার ‘ডিজনে’-এর নতুন ছবি ‘প্লেইনস’-এ কণ্ঠ দিবেন প্রিয়াঙ্কা। এরইমধ্যে এই ছবির পরিচালক ক্লে-হলসের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে প্রিয়াঙ্কার। এই ছবিতে ইশানি নামের একটি চরিত্র রয়েছে, যেই চরিত্রটিতে পাওয়া যাবে প্রিয়াঙ্কার কণ্ঠ। এ মাসেই এর ডাবিংয়ে যাবেন প্রিয়াঙ্কা। পরিচালক সূত্রে জানা যায়, ছবিতে এশিয়ান ধাঁচের একটি কণ্ঠ প্রয়োজন ছিল। আর সেই হিসেবেই প্রিয়াঙ্কাকে বাছাই করেছেন তারা। যেহেতু ছবিটি হলিউডের তাই প্রিয়াঙ্কাকে ইংরেজিতেই কণ্ঠ দিতে হবে। তবে পরবর্তীতে ভারতীয় দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে হিন্দিতেও কণ্ঠ নেওয়া হতে পারে প্রিয়াঙ্কার।
