শিরোনাম পড়ে নিশ্চয়ই খুব খটমটে বলে মনে হচ্ছে। সারা জীবন যেখানে সাহসিকতার জন্য মানুষকে পুরস্কৃত করার কথাই শুনে এসেছেন সেখানে সাহসিকতার জন্য আবার শাস্তি হয় কী করে। তবে অফিসের কাছ থেকে অসুস্থতার নাম করে ছুটি নিয়ে এই সময়ে একটি সাহসিকতাপূর্ণ কাজ করে এবার রীতিমতো বিপাকেই পড়েছেন ব্রিটিশ নাগরিক পল মার্শালসি। সমুদ্রতীরে একটি হাঙরের সাথে তার লড়াই এর দৃশ্য ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে পলের অফিস কর্তৃপক্ষেরও। তবে সবাই যেখানে এই ঘটনার চিত্র দেখে পল মার্শালসিকে রীতিমতো নায়ক ভাবতে শুরু করেন সেখানে অফিসের চোখে এই ভিডিওটিই ভিলেন বানিয়ে দেয় পলকে। ঘটনার বিবরণে জানা যায়, ব্রিটেনের সবচেয়ে বেকারত্বপ্রবণ শহরগুলোর একটি হিসেবে পরিচিত সাউথ ওয়েলস ভ্যালির মার্থির টিডফিল শহরের একটি প্রতিষ্ঠানেই বেশ অনেকদিন থেকে কাজ করে আসছিলেন পল মার্শালসি নামের এই ব্যক্তি। শিশুদের নিয়ে কাজ করা দাতব্য এই প্রতিষ্ঠানটিতে একই সাথে কাজ করতেন তার স্ত্রী’ও। তবে সম্প্রতি পল ও তার স্ত্রী ওয়েন্ডি অত্যাধিক কাজের কারণে ক্লান্তির দোহাই দিয়ে ‘সিক লিভ’ বা অসুস্থতাজনিত ছুটির আবেদন করেন। তবে এই সময়ে বাসায় বসে বিশ্রাম নেওয়ার পরিবর্তে তার দু’জনই পাড়ি জমান অস্ট্রেলিয়ায় দুই মাস দীর্ঘ এক ছুটি কাটাতে। এই বিষয়টা হয়তো সেভাবে অফিস কর্তৃপক্ষের নজরেও পড়ত না। তবে তাদের এই মিথ্যা ছুটিতে বাধ সাধে অস্ট্রেলিয়ার এক সমুদ্র সৈকতের একটি ভিডিও যেখানে মার্শালসিকে দেখা যায় একটি হাঙরের লেজ ধরে সেটিকে সরিয়ে দিতে। মূলত সে সময় সৈকতের কাছ দিয়ে সাঁতার কাটতে থাকা দুটি শিশুকে বাঁচাতেই দুঃসাহসী এই কাজটি করেছিলেন মার্শালসি। এ সময় একজন কৌতূহলী ব্যক্তির ধারণ করা ভিডিওচিত্রের সুবাদে তা ছড়িয়ে পড়ে ইন্টারনেটেও। আর এভাবে বিষয়টি নজরে আসে তিনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই দাতব্য প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের সদস্যদেরও। পল এর সাহসিকতায় তারা কতটা মুগ্ধ হয়েছেন তা জানা না গেলেও, অফিসের সাথে প্রতারণা করে ছুটি নেওয়ার বিষয়টি যে ভালোভাবে দেখেননি সেটা ব্রিটেনে ফিরেই হাড়ে হাড়ে টের পান মার্শালসি। তার নামে দেওয়া ইস্তফাপত্রে কাজ করার জন্য অক্ষম থাকা অবস্থাতেও তিনি কীভাবে অস্ট্রেলিয়া যেয়ে ছুটি কাটান এবং হাঙরের সাথে লড়াই করেন সেই প্রশ্ন তুলে বরখাস্ত করা হয় মার্শালসিকে। তবে শতভাগ প্রমাণ না থাকায় একই অপরাধে অভিযুক্ত ওয়েন্ডির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি এই দাতব্য প্রতিষ্ঠানটি।
