প্রয়াত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের ক্যান্সার আক্রান্ত হওয়ার পেছনে বিদেশি শত্রুদের হাত আছে, এমন অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত করার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা সরকার। ভেনেজুয়েলার অস্থায়ী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক তেলেসুরে এ ঘোষণা দেন।
২০১১ সালে শরীরে ক্যান্সার ধরা পড়ার পর স্বয়ং শ্যাভেজ প্রথম অভিযোগটি করেছিলেন। তিনি অভিযোগ করে বলেছিলেন, সাম্রাজ্যবাদী শত্রুরা হয়তো তার শরীরে ক্যান্সারের বিষ ঢুকিয়ে দিয়েছে। ঘোষণায় মাদুরো বলেন, “আমরা সত্য খুঁজে বের করবো। আমাদের মন বলছে, রাস্তা থেকে সরানোর জন্য আমাদের কমান্ডারকে অন্ধকারের শক্তিরা ক্যান্সারের বিষ প্রয়োগ করেছে।” অভিযোগের তদন্ত করার জন্য একটি রাষ্ট্রীয় কমিটি গঠন করা হবে বলে তিনি জানিয়েছেন।
