চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও শহর ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীরা মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিনকে মারধর করেছে। এর আগে সোমবার সারারাত বিক্ষুব্ধ নেতাকর্মীরা কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের হাজীগঞ্জ বাজারে ২০/২৫টি গাড়ি ভাঙচুর করে, সড়কে টায়ার ও গাছপালা জ্বালিয়ে অবরোধ করে রাখে। নেতাকর্মীরা হাজীগঞ্জ বাজারে অবস্থিত গাজী টাওয়ার, তাজ টেলিকম, কিশোর লাইব্রেরী ও বন্ধু ফার্মেসীসহ কয়েকটি দোকান ভাঙচুর করেছে। ছাত্রলীগের নেতাকর্মীদের অভিযোগ, বর্তমান কমিটি বিলুপ্ত না করে সোমবার রাতে হঠাত্ করে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরাফাত হোসেন ও সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান তৃপ্তি হাজীগঞ্জ উপজেলা ও শহর ছাত্রলীগের একটি কমিটি অনুমোদন করেন। ঐ কমিটিতে শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এবায়েদুর রহমান ওরফে খোকন বলিকে উপজেলা কমিটির সভাপতি, হাজীগঞ্জ মডেল কলেজের শিক্ষক গাজী মোহনকে সাধারণ সম্পাদক এবং শহর ছাত্রলীগের কমিটিতে সভাপতি পদে সরফুল তাজ ওরফে নির্ঝর ও সাধারণ সম্পাদক পদে সোহেল বেপারীর নাম অনুমোদন হয়। ঐ কমিটি অনুমোদনের জন্য স্থানীয় সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলামের সুপারিশ রয়েছে। হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম অভিযোগ করে বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র বিরোধী একটি কমিটি হাজীগঞ্জ ছাত্রলীগের উপর জেলা ছাত্রলীগ চাপিয়ে দিয়েছে। এতে ছাত্রলীগের অস্তিত্ব বিপন্ন হবে। এদিকে ছাত্রলীগের ঘোষিত কমিটিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিনের সিলেক্টকৃত কমিটি বলে গতকাল সকাল ১১টায় ছাত্রলীগের নেতাকর্মীরা বাজারের বন্ধু ফার্মেসীতে বসা থাকা অবস্থায় তাকে বেধড়ক মারধর করে।
