সেচে বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করার তাগিদ

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২১:৩০
বিদ্যুতের সিস্টেমলস কমিয়ে আনার পরামর্শ দিয়েছে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি বলেছে সেচ মৌসুমে কৃষি উত্পাদনে যাতে কোনরূপ বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করতে হবে। তাছাড়া সেচের জন্য কোন কৃষক যাতে ভুক্তভোগী না হয় সেজন্য বিদ্যুত্ বিতরণকারী কর্তৃপক্ষকে সচেতন থাকার পরামর্শ দেয়া হয়। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অধ্যাপক মো. আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব কথা বলা হয়। সংসদ সচিবালয় জানায়, আসন্ন সেচ মৌসুম নিয়ে বিস্তারিত আলোচনা শেষে কমিটির সদস্যরা উক্ত পরামর্শ দিয়েছেন। অপরদিকে যেকোন উপায়ে তিতাস গ্যাসের সকল প্রকার অবৈধ সংযোগ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় বিচ্ছিন্ন করার সুপারিশ করা হয়েছে। আর অবৈধ সংযোগের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। বৈঠকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ কর্তৃক বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এদিকে সার উত্পাদনে কাফকোর তুলনায় সিইউএফএল-এ বেশি ঘনফুট গ্যাস প্রয়োজনের কারণ খতিয়ে দেখার জন্য শক্তিশালী তদন্ত কমিটি গঠন করার জন্য সুপারিশ করা হয়। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত রাজশাহী অঞ্চলে গ্যাস সংযোগের সম্ভাব্যতা পরীক্ষা করে বাস্তবায়নের যথাযথ উদ্যোগ নেয়ার সুপারিশ করা হয়। কমিটির সদস্য হিসেবে রাশেদা বেগম হীরা এবং বিএম মোজাম্মেল হক বৈঠকে অংশগ্রহণ করেন।