প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল তাঁর কার্যালয়ে কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের কানাডা শাখার একটি প্রতিনিধিদল সাক্ষাত্ করেছে। বৈঠককালে তারা যুদ্ধাপরাধের চলমান বিচার, সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণ, সন্ত্রাসবাদ দমন, দারিদ্র্য বিমোচন এবং বাংলাদেশের অর্থনীতির অভূতপূর্ব সাফল্য নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিধিদলকে বলেন, দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে তাঁর সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, স্বাধীনতার পর বিগত ৪২ বছরের মধ্যে অধিকাংশ সময় অগণতান্ত্রিক সরকার শাসন করায় কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হয়নি।
গণতন্ত্র ও সংসদীয় ব্যবস্থা শক্তিশালীকরণের ব্যাপারে তাঁর সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার নির্বাচন কমিশনসহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করেছে।
গত চার বছরে বর্তমান সরকারের সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং জাতীয় সংসদের উপ-নির্বাচনসহ সাড়ে পাঁচ হাজার নির্বাচন অনুষ্ঠানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়েছে। শেখ হাসিনা বলেন, ‘এসব নির্বাচন সম্পর্কে কেউ প্রশ্ন তুলতে পারেননি।’
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর সরকার সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ কঠোর হাতে দমন করেছে।
