বাংলাদেশ দল
মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ(সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, জহুরুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল, মোমিনুল হক, নাসির হোসেন, সোহাগ গাজী, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, নাজমুল হোসেন, মোশাররফ হোসেন রুবেল, আবুল হাসান এবং জিয়াউর রহমান।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে একটা ব্যাপার নিয়েই সবচেয়ে বেশি আলোচনা ছিল—মাশরাফি বিন মুর্তজা থাকছেন কিনা? শেষ পর্যন্ত ঝুঁকি নিলেন না নির্বাচকরা। যেহেতু তার পুরো সুস্থ হতে আরও সময় লাগবে, তাই মাশরাফিকে ছাড়াই ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছেন তারা।
মাশরাফি না থাকলেও আরেক সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল গল টেস্টে ভালো করার পুরস্কার হিসাবে ওয়ানডে দলে ডাক পেয়েছেন। এদিকে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন; পাঁচ বছর পর আবার জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলার সুযোগ তার সামনে। তবে আলোচনায় সবাইকে ছাপিয়ে মাশরাফি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে বল করার সময় গোড়ালির নিচের অংশে ব্যথা পেয়েছিলেন মাশরাফি। এরপর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তিনি। পায়ের এমআর করিয়েছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডাক্তার দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে বিশ্রামে রয়েছেন। কিন্তু শ্রীলংকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তার খেলার কথা থাকলেও অস্ট্রেলিয়ার চিকিত্সক ডেভিড ইয়ং রিপোর্ট দেখে নাকি জানিয়েছেন, মাশরাফি ফিট নন। মাশরাফির এম আর রিপোর্ট শ্রীলংকায় ডেভিডের কাছে পাঠানো হয়েছিল; কাল সে রিপোর্ট পৌঁছেছে নির্বাচকদের হাতে। কাল এ প্রসঙ্গে প্রধান নির্বাচক আকরাম খান বলেন, ‘আমাদের কাছে যে রিপোর্ট এসেছে, সেখানে স্পষ্ট লেখা আছে মাশরাফি ফিট নন। তাই তাকে বাদ দেয়া হয়েছে।’ বিসিবির ডাক্তার দেবাশীষও জানিয়েছেন, মাশরাফি খেললে তার জন্য ঝুঁকি হবে, ‘মাশরাফির আরো এক সপ্তাহ বিশ্রাম দরকার। এরপর ম্যাচ ফিটনেসের জন্য আরো চার-পাঁচদিন সময় লাগবে।’ মাশরাফিকে ছাড়া ওয়ানডে দলের পেস আক্রমণ দুর্বল হয়ে যাচ্ছে। রুবেল হোসেন, আবুল হাসান, নাজমুল হোসেনদের দিয়ে জাতীয় দলের পেস আক্রমণের ভার দিতে চাইছেন নির্বাচক প্রধান, ‘আসলে এখন তাদের উপরই ভরসা করতে হচ্ছে। পেস আক্রমণ দুর্বল হচ্ছে ঠিকই তবুও আমরা আশাবাদী, এই দলই ওয়ানডেতে ভালো করবে। আমরা জিম্বাবুয়ে সফরে ভালো একটি দল পাঠাতে পারবো বলে আশাবাদী।’ ইনজুরিতে আক্রান্ত হওয়া আরেক পেসার শফিউল ইসলাম দৌড়াতে পারছেন; কিন্তু বোলিং করার সময় পিঠের বাঁ-পাশে টান অনুভব করেন তিনি। কাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কন্ডিশনিং ক্যাম্প শেষে শফিউল বলেন, ‘এখন দৌড়াতে পারছি। কিন্তু বোলিং করতে পারি না। ফিজিও বলেছেন, আরো দুই সপ্তাহ সময় লাগবে ফিট হতে। আশা করছি, জিম্বাবুয়ে সফরের আগে আমি পুরোপুরি ফিট হতে পারবো।’
ব্লেড দিয়ে ব্যাট খোঁচাতে গিয়ে হাতের তালু কেটে যাওয়ায় টেস্ট দলের সঙ্গী হতে পারেননি শাহরিয়ার নাফীস। ওয়ানডে দলেও তার জায়গা হয়নি। প্রধান নির্বাচক এ প্রসঙ্গে বলেন, ‘নাফীসকে আমরা ওয়ানডের জন্য বিবেচনা করছি না।’
এদিকে এখনও সুস্থ হয়ে ওঠেননি নাঈম ইসলাম। তবে ইনজুরি সেরে ওঠায় তামিম ইকবালও ফিট হয়েছেন। ফলে তামিম, এনামুল হক বিজয় ও জহুরুল ইসলামকে ওপেনার হিসাবে স্কোয়াডে পাওয়া যাচ্ছে। স্পিন আক্রমণে সোহাগ গাজীর সাথে অভিজ্ঞ আব্দুর রাজ্জাকও রয়েছেন; সঙ্গে মোশাররফ রুবেল। আর অলরাউন্ডার হিসাবে মোমিনুল হক ও জিয়াউর রহমানকে রাখা হয়েছে ১৫ জনের স্কোয়াডে।
শ্রীলংকার বিরুদ্ধে তিন ওয়ানডে ম্যাচের সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ ও ২৫ মার্চ হাম্বানতোতায়। ২৮ মার্চ পাল্লেকেলেতে অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে ম্যাচ।
