টানা দুইটি জয়ের পর ভারত আজ বৃহস্পতিবার মোহালিতে পাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে দুর্বল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে খেলতে নামবে ইতিহাসের সবচাইতে বড় ব্যবধানের সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে। মূলত চার ক্রিকেটার শৃংখলাভঙ্গের কারণে শাস্তি পাওয়ায় এ টেস্টে মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার অবস্থা শোচনীয়। বলা হচ্ছে সত্তরের দশকে বিশ্ব সিরিজ ক্রিকেটের কারণে দুর্দশায় নিপতিত সময়ে কিম হিউজের নেতৃত্বাধীন দলটির পর এটাই হলো অস্ট্রেলিয়ার সবচাইতে অনভিজ্ঞ দল।
ভারতীয় দল চেন্নাই ও হায়দারাবাদে সহজ দুইটি জয় পাওয়ার পর হঠাত্ করেই অজি শিবিরের মাঠ বহির্ভূত ঘটনায় পোয়াবারো হলো মহেন্দ্র সিং ধোনির দলের। দলীয় নির্দেশ অমান্যের কারণে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) গত সোমবার যে চার ক্রিকেটারকে নিষিদ্ধ করে তাদের অন্যতম হলেন সহ-অধিনায়ক শেন ওয়াটসন। অপর তিনজন হলেন মিচেল জনসন, উসমান খাজা এবং জেমস প্যাটিনসন। এ কারণে এদের কাউকেই দেখা যাবে না মোহালি টেস্টে। ওয়াটসন এরই মধ্যে দেশে ফিরে গেছেন।
অস্ট্রেলীয়রা বেশ কয়েকবার ভারতকে হোয়াইটওয়াশ করলেও স্বাগতিকদের এ যাবতকালের সেরা সিরিজ জয়গুলো হলো ২-০ ব্যবধানের। ১৯৭৯-৮০ সালে কিম হিউজের অধীনে ছয় টেস্টে, ২০০৮-০৯ সিরিজে (চার টেস্ট) এবং ২০১০-১১ মৌসুমে (রিকি পন্টিংয়ের অধিনায়কত্বে দুই টেস্টে) এই ব্যবধানের জয়গুলো পেয়েছিল ভারত। এ দফায় মোহালিতে ৩-০ ব্যবধান গড়তে পারলে তা হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম এ ধরনের জয়। অথচ এই অস্ট্রেলিয়াতেই সর্বশেষ সফরে ভারত ৪-০ ব্যবধানে সিরিজ হেরে এসেছিল। ভারত আগে কখনোই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই টেস্টের বেশি জিততে পারেনি।
চলতি সিরিজে সফরকারীরা চেন্নাইয়ে প্রথম টেস্টে আট উইকেটের শোচনীয় ব্যবধানে পরাজিত হয়। হায়দারাবাদে দ্বিতীয় টেস্টে হারে এক ইনিংস ও ১৩৫ রানে। চার অস্ট্রেলীয় ক্রিকেটারের এক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়া ভারতকে কেবল সুবিধাই করে দিয়েছে। তারপরও বুধবার অনুশীলনের সময় তারকা ব্যাটসম্যান চেতেশ্বর পূজারার বাম হাঁটুতে আঘাত পাওয়া ধোনির দলের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় এক পেস বোলারের বলে আঘাত পাওয়ার পর তাকে ব্যথায় কুকড়ে অনুশীলনস্থল ছাড়তে দেখা গেছে। এরপর আর তিনি অনুশীলনে অংশ নেননি।
তারপরও আভাস পাওয়া যাচ্ছে সৌরাষ্ঠ ব্যাটসম্যানটি মূল একাদশেই থাকবেন। কেননা তাকে মোকাবিলা করতে গিয়ে অস্ট্রেলীয় বোলারদের হিমশিম খেতে দেখা গেছে। তিনি না খেললে ভিরাট কোহলি ব্যাটিং অর্ডারে উপরে উঠে আসতে পারেন। এছাড়া ২৭ বছর বয়সী দিল্লী ব্যাটসম্যান শিখর ধাওয়ানের অভিষেক হতে পারে এই টেস্টে।
মোহালির পেস অনুকূল পিচে প্যাটিনসন ও জনসনের অনুপস্থিতি ক্লার্কের দলকে আরো বেশি ভোগাবে। এখন দেখার পালা দল নির্বাচনের জন্য কেবল হাতে থাকা ১২ জনের মধ্যে মিচেল স্টার্ক ও স্টিভ স্মিথের মতো আনকোরারা কতটা ভাল করতে পারেন।
