ফিরছেন ভিলানোভা

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২১:৪১
বার্সা শিবির এখন এক চাঁদের হাট। এসি মিলানকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছানোর সাথে সাথে আরেকটি সুখবরের ছোঁয়া পেল লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে থাকা দলটি। চলতি মাসের ২৫ তারিখ থেকে দলের সাথে যুক্ত হচ্ছেন ক্যান্সারে আক্রান্ত কোচ টিটো ভিলানোভা। এমনটাই জানালেন ক্লাবটির পরামর্শক ও সাবেক কোচ চালর্স রেক্সাচ। কাতালানদের আঞ্চলিক টেলিভিশন চ্যানেল টিভিথ্রিতে একটি অনুষ্ঠানে রেক্সাচ বলেন, ‘ধারণা করা হচ্ছে এই মাসেই ভিয়ানোভা মাঠে ফিরতে পারবেন।’ তার শরীরে ক্যান্সার ধরা পড়ায় গত ২২ জানুয়ারি থেকে নিউইয়র্কে চিকিত্সাধীন আছেন। এর আগে গত বছর নভেম্বরে তার প্রথম অস্ত্রোপচার করা হয়। যদিও চিকিত্সাধীন অবস্থায়ই তিনি দলের সহকারী কোচ জর্ডি রোউরার সাথে সব সময় যোগাযোগ রেখেছেন। এ সম্পর্কে রোউরা বলেন, ‘ম্যাচের সময় বিরতিতে আমরা একে অপরের সাথে আলোচনা করেছি। এছাড়া ম্যাচের মধ্যেও যদি কোন কিছু প্রয়োজন হয়েছে আমি তার সাথে আলোচনা করেই সমাধান করার চেষ্টা করেছি।’ এই ব্যাপারে সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘আমরা সব সময়ই যোগাযোগের মধ্যে আছি। আজ (মঙ্গলবার) ম্যাচের পরেও তার সাথে আমার কথা হয়েছে। দলের পারফরম্যান্সের ব্যাপারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। আর খুব দ্রুতই সেরে উঠছেন ভিলানোভা। আশা করি খুব দ্রুতই দলে ফিরে আসবেন তিনি।’ ম্যাচের পারফরম্যান্সের ব্যাপারে রোউরা বলেন, ‘গত কিছুদিন পারফরম্যান্স নিয়ে আমাদের বেশ ভুগতে হয়েছে। সমালোচনা যা হয়েছে সেটা তাই যথেষ্ট যৌক্তিক। তবে, দলের সবাই সেরা মানের ফুটবলার। তারা ম্যাচে আত্মবিশ্বাসের সাথে খেলেছে। তাই আমি আমার দল নিয়ে গর্বিত ও আনন্দিত।’ আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে। আর শেষ আটে রিয়ালের মুখোমুখিও হওয়ার সম্ভাবনা হতে পারে বার্সাকে। রোউরা বলেন, ‘শেষ আটের সবগুলো দল যোগ্যতার ভিত্তিতেই আসবে। তাই কাউকে আলাদা করে ভাবার সুযোগ নেই আমাদের সামনে। ’