বিদ্যুত্ উন্নয়ন বোর্ড ন্যাশনাল ব্যাংক প্রিমিয়ার ভলিবল লিগে ৩-১ সেটে তিতাস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
দশ দলের এই লিগে গতকাল ভলিবল স্টেডিয়ামে লিগের শেষ খেলায় বিদ্যুত্ উন্নয়ন বোর্ড এবং তিতাস ক্লাব শিরোপার জন্য মুখোমুখি হয়। দুই দল আটটি করে ম্যাচ খেলেছে। কিন্তু হারেনি একটিও। শিরোপার জন্য টানটান উত্তেজনা চলছিল ভলিবল কোর্টে। বিদ্যুত্ উন্নয়ন বোর্ড ২৫/১৯, ২৫/১৭ সেটে এগিয়ে যায়। তৃতীয় সেটে রেফারির সিদ্ধান্ত নিয়ে গণ্ডগোল হয়। বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের খেলোয়াড় সার্ভ করলে তিতাস দাবি করে তারা প্রস্তুত ছিল না। এই নিয়ে বাকবিতণ্ডা হয়। দুই পক্ষ আলোচনা শেষে পুনরায় সার্ভ করার সিদ্ধান্ত মেনে নিয়ে খেলা শুরু করে বলে জানান ফেডারেশনের একজন কর্মকর্তা।
তৃতীয় সেটে ২৩/২৫ পয়েন্টে হেরে যায় বিদ্যুত্ উন্নয়ন বোর্ড। শেষ সেটে ২৫/২১ পয়েন্টে তিতাসকে হারিয়ে নয় খেলায় ২৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় বিদ্যুত্ উন্নয়ন বোর্ড। অপরদিকে ইস্ট এন্ড বয়েজ ক্লাব রেলিগেশনের কবলে পড়ে নিচের বিভাগে নেমে গেছে। লিগের সেরা অ্যাটাকার হয়েছেন চ্যাম্পিয়ন দলের মনির, সেরা সেটার অজয় সরকার।
সেরা খেলোয়াড় হয়েছেন রানার্সআপ দলের রাজেস এবং সেরা ডিফেন্ডার ওয়ারী ক্লাবের জসি। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ন্যাশনাল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বদিউল আলম।
বিদ্যুত্ উন্নয়ন বোর্ড :সাইফুল, জালাল, মুনির, উজ্জল, আলী, রাজু, ফরহাদ, হরসিদ, ওমর, উত্পল, অজয়, সাব্বির, কোচ জহির।
তিতাস ক্লাব :রনি, রাজেশ, রাসেল, সোহেল, শিহাব, লিটন, মধু, কাঞ্চন, হিমেল, এমদাদুল, মুন্না, লিটু, কোচ মেহেদি।
