মেধাবী ছাত্র তানভীর মোহম্মদ ত্বকী হত্যার প্রতিবাদ ও খুনীদের বিচারের দাবিতে গতকাল বুধবার নারায়ণগঞ্জ নাগরিক কমিটি ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা শাখা মানববন্ধন করেছে। শহরের বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নারায়ণগঞ্জে একের পর এক খুন হচ্ছে। তানভীর মোহাম্মদ ত্বকী, তরুণ নাট্যকার দিদারুল ইসলাম চঞ্চল, ব্যবসায়ী ভুলুকে হত্যা করা হয়েছে। কোন হত্যাকাণ্ডের খুনীদের খুঁজে বের করতে পারেনি নারায়ণগঞ্জের পুলিশ। ত্বকীর খুনীদের অবিলম্বে খুঁজে বের করে গ্রেফতার করা না হলে নারায়ণগঞ্জের মানুষ কঠোর আন্দোলনে যাবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানি শংকর রায়, খেলাঘর নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রথিন চক্রবর্তী, নারায়ণগঞ্জ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক হাসিনা বেগম, গণ সংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ।
