রাষ্ট্রপতির শারীরিক অবস্থার উন্নতি

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২২:৫২
সিঙ্গাপুরে চিকিত্সাধীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। রবিবার রাতে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানান্তরের সময় তার শারীরিক অবস্থা যা ছিল তার চেয়ে এখন অপেক্ষাকৃত ভাল বলে রাষ্ট্রপতির প্রেস সচিব একেএম নেছার উদ্দিন ভূঞা গতকাল মঙ্গলবার জানিয়েছেন। সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মাহবুবুজ্জামান গতকাল বুধবার ফোনে ইত্তেফাককে জানান, রাষ্ট্রপতির ফুসফুসে ইনফেক্শনের কারণে পানি জমে যায়। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তির পর এই পানি অপসারণ শুরু হয়। সঙ্গে সঙ্গে ইনফেক্শন নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় চিকিত্সা শুরু হয়েছে। এতে তার শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। রাষ্ট্রপতির কার্যালয় এবং রাষ্ট্রপতির পরিবারের পক্ষ থেকে তার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোওয়া কামনা করা হয়েছে।