ব্লগ ও ফেসবুকে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্যকারীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইনুদ্দিন খন্দকারকে প্রধান করে নয় সদস্যের একটি কমিটি করেছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ গতকাল বুধবার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই কমিটি করা হয়েছে। কমিটি খুব শিগগিরই কাজ শুরু করবে। এই কমিটির সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তিনি বলেন, কমিটি যে কোনো বিশেষজ্ঞের কাছ থেকে সহায়তা নিতে পারবে। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাচিবিক সহায়তা দেবে। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য ও তার ভিত্তিতে গৃহীত পদক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তরকে কমিটি অবহিত করবে। কমিটিতে প্রধানমন্ত্রীর দপ্তর, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), আইন ও বিচার বিভাগ, তথ্য মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি, এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালক এবং পুলিশের (স্পেশাল ব্রাঞ্চ) অতিরিক্ত ডিআইজিকে রাখা হয়েছে।
