১৮, ১৯ মার্চ সারাদেশে ২১ তারিখ ঢাকা জেলায় হরতাল

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২২:৫৯
কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক নেতা-কর্মীদের আগামী ২০ মার্চের মধ্যে মুক্তি না দিলে ২১ মার্চ ঢাকা জেলায় হরতাল করার ঘোষণা দিয়েছে এবার জেলা বিএনপি। গতকাল বুধবার নয়া পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান এই ঘোষণা দেন। দুই মামলায় আটক ১৮ দলীয় জোটের ১৫৪ জন নেতা-কর্মীর জামিন ও পুলিশের রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে ২০ মার্চ। এদিকে তাদের মুক্তির দাবিতে গত সোমবারই ১৮ ও ১৯ মার্চ সারা দেশে হরতাল ডেকে রেখেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গতকাল বুধবার বিকালে নয়া পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সমাবেশে বলেন, গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তি দেয়া না হলে আগামী ১৮ ও ১৯ মার্চ সারাদেশে হরতাল হবে। এছাড়া বৃহস্পতিবার ঢাকা জেলার সব থানায় বিক্ষোভ সমাবেশ এবং শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের কর্মসূচি রয়েছে। গত সোমবার বিকালে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশের শেষ দিকে হঠাত্ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এর পরপরই বিএনপি কর্মীরা পুলিশের দিকে ঢিল ছুঁড়তে থাকে এবং সমাবেশ পণ্ড হয়ে যায়। এর ঘণ্টাখানেক পর বিএনপি কার্যালয় ও আশেপাশের এলাকা থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ১৫৪ জন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। কার্যালয়ে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি হাতবোমা উদ্ধারের কথা জানায়। মঙ্গলবার বিএনপির তিন নেতা মির্জা ফখরুল, সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে ছেড়ে দিলেও ১৮ দলীয় জোটের ১৫৪ জনের বিরুদ্ধে দুইটি মামলা করে পল্টন থানা পুলিশ। দুই মামলাতেই আরো ৪০-৫০ জন অজ্ঞাতপরিচয় নেতা-কর্মীকে আসামি করা হয়।