সুনেত্রতে গ্যাস নেই কূপ খনন বন্ধ

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২২:৫৯
সুনেত্রতে গ্যাস নেই। প্রাথমিক জরিপে সেখানে কোন গ্যাস পাওয়া যায়নি। প্রায় পাঁচ হাজার মিটার খননের পর গ্যাস না থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে বাপেক্স। বুধবার সুনেত্রতে গ্যাস অনুসন্ধানের জন্য কূপ খনন কাজ বন্ধ করে দেয়া হয়েছে। ংএতে করে পুরো উত্তরাঞ্চলে গ্যাস না পাওয়ার সম্ভাবনা আছে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন। আশা করা হয়েছিল এখানে প্রায় তিন ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর বলেন, আমরা সুনেত্রতে গ্যাস পাওয়ার আশা করেছিলাম। দুর্ভাগ্যজনক যে, কোনো গ্যাস পাওয়া যায়নি। আপাতত বন্ধ করে সেখানের রিগটি ফেঞ্চুগঞ্জে পাঠানো হচ্ছে। বাপেক্স নতুন করে ত্রিমাত্রিক জরিপ শুরু করেছে। তাদের প্রাপ্ত তথ্য-উপাত্ততে যদি কোনো সম্ভাবনা পাওয়া যায় তাহলে আবার সুনেত্রতে খনন কাজ করা হবে। এ বিষয়ে বাপেক্সের ত্রিমাত্রিক জরিপ দলের প্রধান মেহেরুল হাসান বলেন, দ্বিমাত্রিক জরিপের মাধ্যমে সবকিছু নির্ণয় করা সম্ভব নয়। সুনেত্রতে ত্রিমাত্রিক জরিপ শুরু করেছি। জরিপে ইতিবাচক তথ্য পাওয়া গেলে আবারো খনন করা হবে। এদিকে সুনেত্রতে গ্যাস না পাওয়ায় মদন, খালিয়াজুড়ি, মোবারকপুরসহ পুরো উত্তরাঞ্চলেই গ্যাস পাওয়ার সম্ভাবনা কমে গেছে। সংশ্লি¬ষ্টরা বলছেন, একটি স্থানে না থাকলে ঐ গভীরতায় অন্য এলাকাতেও গ্যাসের উপস্থিতির সম্ভাবনা কম। কারণ বাংলাদেশের উত্তরাঞ্চলের ভূকাঠামো প্রায় সব এলাকায় একই রকম। এক স্থানের সম্ভাবনা থেকে অন্য স্থানের সম্ভাবনা যাচাই করা সম্ভব। জ্বালানি মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা বলেন, সুনেত্রতে গ্যাস না পাওয়ায় কর্মকর্তারা হতাশ। এত গভীর কূপে গ্যাস না পাওয়া গেলে সুনেত্রর কাছাকাছি অবস্থিত বাপেক্সের অধীন ৩, ৫, ৮ নম্বর ব্ল¬কে অবস্থিত মদন, খালিয়াজুড়ি ও মোবারকপুরেও গ্যাস পাওয়ার সম্ভাবনা কমে গেছে। ফলে পুরো উত্তরাঞ্চলেই গ্যাস আছে কি না তা এখন প্রশ্নবিদ্ধ। সুনামগঞ্জের ধর্মপাশা ও নেত্রকোনার বারহাট্টা উপজেলার অংশ বিশেষ নিয়ে সুনেত্রর অবস্থান। ২০১১ সালে সেখানে ৫৫০ লাইন কিলোমিটারের বেশি এলাকায় দ্বি-মাত্রিক (টু-ডি) জরিপ করে বাপেক্স। জরিপের তথ্য-উপাত্ত বিশ্লে¬ষণ থেকে সেখানে বড় গ্যাসাধারের সন্ধান পাওয়ার আশা করা হয়। গত বছরের ১০ আগস্ট সুনেত্রতে গ্যাস অনুসন্ধান কূপ খনন কাজ শুরু হয়।