পূর্বশর্ত ছাড়া আলোচনায় বসতে রাজি

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২৩:০০
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর বলেছেন, যারা অফিসে বোমা রেখে আলোচনার প্রস্তাব দেয়, তাদের সঙ্গে আলোচনা চলে না। তবু বিরোধী দল যদি কোনো ধরনের পূর্ব শর্ত ছাড়া আলোচনায় বসতে আগ্রহী হয় তাহলে সরকার দেশের বৃহত্তর স্বার্থে তাদের স্বাগত জানাবে। গতকাল বুধবার সকালে চট্টগ্রামে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। নগরীর পতেঙ্গায় যুক্তরাষ্ট্রের সহায়তায় নির্মিত কোস্টাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার (সিসিএমসি) উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা দেশে চলমান নৈরাজ্য ও সহিংসতার তীব্র সমালোচনা করে মন্ত্রী বলেন, বিএনপি অফিস থেকে সমপ্রতি ১২টি বোমা উদ্ধার করা হয়েছে। এ দৃশ্য দেশের মানুষ টেলিভিশনে দেখেছেন। আলোচনার ভাষা যদি বোমা ফোটানোর মধ্যে নিহিত থাকে তাহলে ওই আলোচনা কখনও ফলপ্রসূ হয় না। মন্ত্রী আরও বলেন, সরকারের বিরুদ্ধে ক্ষোভ থাকতেই পারে। কিন্তু প্রতিবাদের ভাষা কখনও সহিংস হওয়া উচিত নয়। চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলা কিংবা সাতক্ষীরায় যা ঘটানো হয়েছে, এটা প্রতিবাদের মাধ্যম নয়। মন্ত্রী বাঁশখালীসহ সারা দেশে সংখ্যালঘুদের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও মন্দির পুনর্নির্মাণে সরকার সবধরনের সহযোগিতা করবে বলে উল্লে¬খ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লি¬উ মজিনা। আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এমএ লতিফ এমপি ও বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল কাজী সারোয়ার হোসেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আর্থিক ও কারিগরি সহায়তায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম জেলার উপকূলীয় এলাকায় ৩০টি সিসিএমসি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ইতিমধ্যে ১৯টি সিসিএমসি নির্মাণের জন্য উভয় দেশের সরকারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।