ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রাদেল মোহাম্মদ মার্তি মুলিয়ানা নাতালেগাওয়া সংক্ষিপ্ত সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় আসছেন। থাই এয়ারওয়েজের ফ্লাইটে দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি তাকে স্বাগত জানাবেন।
সফরকালে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। শুক্রবার সকালে তিনি ঢাকা ত্যাগ করতে পারেন। মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ইন্দোনেশীয় পণ্য রফতানির সুযোগ সৃষ্টি এবং কম শুল্কে পণ্যের প্রবেশ নিয়ে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। ইন্দোনেশীয় পররাষ্ট্রমন্ত্রীর সফরটি সংক্ষিপ্ত হলেও দুই দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্য বিশেষ করে বিমান চলাচলসহ যেসব চুক্তি হয়েছে সেগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে।
