মুখ খুললেন মো ইয়ান
মো ইয়ান অর্থ চুপ থাকা। গত কয়েক মাস ধরে চীন সরকারের ঘনিষ্ঠজন বলে তিনি ব্যাপক সমালোচিত হচ্ছেন। গত শরতে নোবেল বিজয়ের পর এই প্রথম মুখ খুললেন—‘আমার সমালোচকারা আমাকে ঈর্ষা করে আর আমার কাজকে ছোট করে দেখতে চায়।’ ‘শীঘ্রই রাজনীতিতে সক্রিয় হচ্ছেন মো ইয়ান’ এরিক আব্রাহামসনের এমন বক্তব্যেরও জবাব দেন তিনি। এর আগে চীনা শিল্পী অ্যাই উয়িউয়ি অভিযোগ করেন, ‘তিনি পরিষ্কারভাবে দলীয় স্বার্থ খোঁজেন আর বুদ্ধিজীবীদের স্বাধীনতার প্রতি তার কোন শ্রদ্ধা নেই।’ জার্মান পত্রিকা ‘ডার স্পাইজেল’-এ এক সাক্ষাত্কারে তিনি এই সমালোচনার জবাবে বলেন—‘ বলা হয় আমি সরকারের খুব কাছাকাছি আর আমি চীনাদের প্রতিনিধিত্ব করি না। তাহলে বলুন, চীনাদের প্রতিনিধিত্ব করেন এমন কে আছে? আমি নিশ্চয়ই এই দাবি করি না।’
পাবলো নেরুদার মৃত্যুর পুনঃতদন্ত
নোবেল বিজয়ী চিলির খ্যাতনামা কবি পাবলো নেরুদার মৃত্যু রহস্য পুনঃতদন্তের নতুন করে দাবি উঠেছে। সন্দেহের তীর স্বৈরশাসক পিনোচেটের উপর। পাবলো নেরুদা ১৯৭৩ সালে তার বন্ধু প্রেসিডেন্ট সালভেদর অ্যালেন্দার বিদ্রোহের সময় ৬৯ বছর বয়সে ক্যান্সারে মারা গিয়েছিলেন বলে সরকারিভাবে বলা হয়েছিল। এখন তাঁর মৃত্যু নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। কারণ পাবলো নেরুদা মৃত্যুর বারো দিন পর বিদ্রোহ হয়েছিল। নেরুদা মৃত্যুর কিছুদিন পূর্বে অগাস্টো পিনোচেটের স্বৈরশাসনের সমালোচনা করেছিলেন। চিলির সেনাবাহিনী মাতৃভূমির সাথে বিশ্বাসঘাতকতা করছে বলে অভিযোগ ছিল তাঁর। এ বিষয়ে নেরুদার গাড়িচালকের দাবি, ‘স্বৈরশাসক পিনোচেটের এজেন্টরাই নেরুদার পেটে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে।’ কমিউনিস্ট পার্টির নেতারা সান্তিয়াগো কোর্টে মামলা দায়ের করেছেন। পার্টির এটর্নি ইডওয়ার্ড বলেন, ‘শুধু যে তার ড্রাইভার এ প্রশ্ন তুলেছেন তা নয়। বরং আরও অনেকে এই একই অভিযোগ করেছেন। কেননা মেক্সিকোর রাষ্ট্রদূত তাকে এর একদিন আগেও সুস্থ দেখেছিলেন।’
অক্সফোর্ড সাহিত্য উত্সবে পুরস্কার পাচ্ছেন হিলারি ম্যানটেল
দুবারের বুকার বিজয়ী হিলারি ম্যানটেল অক্সফোর্ডের সাহিত্য উত্সবে পুরস্কার পেতে যাচ্ছেন। ‘ওলফ হলফ’ উপন্যাসের বুকার বিজয়ী এই লেখিকা তাঁর অনবদ্য সাহিত্যকর্মের জন্য এই স্বর্ণ পদকে ভূষিত হবেন ২৪ মার্চ। উত্সবটি চলবে ১৬ থেকে ২৪ মার্চ পর্যন্ত। শিল্প ও সাহিত্য সমালোচক অভিনেতা রাপ্যার্ট ইভেরেট ও লেবার পার্টির মন্ত্রী জ্যাক স্ট্র-ও উত্সবে উপস্থিত থাকবেন। শিশু সাহিত্যিক ফিলিপ পালমেনও এই উত্সবে পাবেন অনারারি ফ্যালোশিপ। গতবছরও একইভাবে উইলিয়াম বয়েড এবং পিডি জেমসকে এই ফেলোশিপ প্রদান করা হয়।
রাজকবির দাবিতে ফ্লোরিডা
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের সিনেটর রুলারসন একটি কবিতা আবৃত্তি করে ফ্লোরিডায় একজন স্থায়ী রাজকবি নিয়োগের জন্য সিনেটে বিল উত্থাপন করেন। ‘To be or not to be’ এটাই ছিল বিলটির প্রশ্ন। সিনেটর রুলারসন হাউজ অব ইকোনমিক্স ডেভলপমেন্ট অ্যান্ড ট্যুরিজম সাবকমিটিকে বলেন, ‘আপনাদের সুখের বিষয় এই যে ভাগ্য আপনাদের সহায়। কেউ আপনাদের বিরুদ্ধে কথা বলে না। রাজকবির যে সম্মানিত পদ ১৯২৮ সালে প্রতিষ্ঠিত করা হয়। অথচ গত আগস্ট থেকে কবি ইডমান্ড স্কেলিং-এর মৃত্যুতে সেই পদ শূন্য হয়। ’ কবি ইডমান্ড স্কেলিং ফ্লোরিডার ৩য় রাজকবি। রুলারসনের উত্থাপিত বিলের বাস্তবায়নের দায়িত্ব এখন ফ্লোরিডা কাউন্সিল অব আর্টের উপর ন্যাস্ত হয়েছে। পাঁচজন কবির নাম প্রস্তাব করেন তারা। তাদের থেকে একজনকে গভর্নর পাঁচ বছরের জন্য নিয়োগ দিবেন । রুলারসন সভা শেষে বলেন, ‘আমাদের জাতীয় পাখি আছে, জাতীয় বা রাজকীয় সবকিছু আছে। তাই একজন রাজকীয় কবিও প্রয়োজন।’
