আমার কোনো ছবি নেই,
তাকিয়ে দেখি কপিমেশিনে ছেপে যাচ্ছে—
পৃষ্ঠদেশ সবসময় আড়ালেই থাকে
এমনকি দেখতে পাই না নিজের মুখ
তোমাকে ছাড়া;
আমার কোনো ছবি নেই
ভূগোলে রেখে যাই কতিপয় ছাপ
কথার, রক্তের, আর্তনাদে
তোমরা যাদের ভাষা বলে
চাতুরিবিদ্যায় জারি রাখো
মুখের ভাব, মুখোশে মুখোশে।
আমার কোনো মুখ নেই!
তোমার ছায়ায় কেবল কিছুটা দেখতে পাই
নিজের চেহারা ও ভূখণ্ডের দশা।
