আরও এক নৈমিত্তিক দিন
পুড়ে যায় আঁধারের লেলিহান আগুনে,
একটি একটি করে দিন চলে যায়, চলে যাবে
আশা আর হতাশায় বিপন্ন মানুষ
‘দেহপট সনে নট সকলি হারায়’
পুরোনো পৃথিবী ভেঙে হবে চুরমার
ডানা মেলে উড়ে যাবে সৌরজগত্?
হয়তো থাকবে জেগে মহাকাল নিঃসঙ্গ প্রহরী।
তুমিও হারিয়ে যাবে কালের ঘূর্ণিতে
যতই সাক্ষী মানো আকাশের চাঁদ আর ভোরের সূর্যকে!
তোমার দুঃখরাতের কোনো দোসর ছিল না
একাকী এসেছ আর একা চলে যাবে
বৈরী সময়ের সুতীক্ষ নখরে
রক্তাক্ত বিধুর এই নশ্বর জীবন
তবুও অতন্দ্র তার শিখা অনির্বাণ
প্রজ্বলিত চিরদিন চিরকাল ধরে
অসংখ্য মরণের অনিরুদ্ধ আহাজারি শেষে
জীবনই শাশ্বত আর চিরন্তন তাই
ক্রমাগত হেঁটে চলে অনির্দেশ্য গন্তব্যের দিকে...
