পুঁজিবাজারের তারল্য সঙ্কট কাটাতে স্টক ডিলারদের (যে নিজের জন্য শেয়ার বা ডিবেঞ্চার ক্রয় ও বিক্রয় করেন) ঋণসীমা ১ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এরপরও বাজারে লেনদেন বাড়েনি। গতকালও ডিএসইতে লেনদেন হয়েছে দুইশ’ কোটি টাকার নিচে। এ নিয়ে টানা ৬ কার্যদিবসে ডিএসইতে লেনদেন হলো দুইশ’ কোটির কম।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭২ কোটি ৮ লাখ ২ হাজার ১৪১ টাকা। যা আগের দিনের চেয়ে ২৫ কোটি ৭৮ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৬৭ টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২ টি কোম্পানির শেয়ারের। এদিন ডিএসইতে হাত বদল হয়েছে ২৬৭ টি কোমপানির ৪ কোটি ৪০ লাখ ১৬ হাজার ১১৫ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিকে গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৯ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৮৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক বেড়েছে ১০ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক ৬ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৪১১ পয়েন্ট।
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক ২২ পয়েন্ট কমে ১১ হাজার ৯৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসই-৩০ মূল্য সূচক বেড়েছে ১৬ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৯৪০ টাকা। লেনদেনকৃত ১৭৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৫ টির, কমেছে ১১২ টির আর অপরিবর্তিত ছিল ১৮ টি কোম্পানির শেয়ারের দর।
ডিএসই সূত্র জানায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক ও রূপালি ইন্স্যুরেন্স সমাপ্ত অর্থ বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে রূপালি ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১২ তারিখে সমাপ্ত অর্থ বছরের জন্য ২০ শতাংশ বোনাস শেয়ার দেয়ার জন্য সুপারিশ করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৮ মার্চ। কোম্পানিটি জানিয়েছে যে, সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৩১ পয়সা আর শেয়ার প্রতি সম্পদ (এনএভি) ২৮ টাকা ৬ পয়সা। আর মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১২ তারিখে সমাপ্ত অর্থ বছরের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৮ শতাংশ বোনাস শেয়ার দেয়ার সুপারিশ করেছে। কোম্পানির শেয়ার প্রতি আয় ২ টাকা ২৪ পয়সা আর শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ১৭ টাকা ৯২ পয়সা।
