গল্প নয় সত্যি

রোগ থেকে নিরাপদ রাখে ঘাম!

আপডেট : ১৪ মার্চ ২০১৩, ১৯:৫৮
শরীরকে সুস্থ-সবল আর কর্মক্ষম রাখার জন্য একটু-আধটু ঘাম যে বেশ উপকারী সে কথা এখন অনেকেরই জানা। তবে মানুষের এই জানার পরিধিকে এবার আরও একটু বাড়িয়ে দিয়েছেন স্কটল্যান্ডের খ্যাতনামা এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা জানিয়েছেন শুধুমাত্র শরীরের মাঝে থাকা লবণ ও পানির ভারসাম্যের জন্যই নয়, বরং ঘামের রয়েছে অনন্য রোগ প্রতিরোধ ক্ষমতাও। আর ঘামের মাঝে থাকা এই জীবাণু প্রতিরোধী ক্ষমতা মানুষকে মামুলি কাঁটাছেড়া সম্পর্কিত ইনফেকশন থেকে শুরু করে প্রতিরোধের রসদ জোগাতে পারে যক্ষার মতো মারাত্মক রোগের বিরুদ্ধেও। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ঘামের মাধ্যমে বেরিয়ে আসা নিঃসরণ পরীক্ষা করে দেখেছেন যে মানুষভেদে ঘামের মাঝে থাকতে পারে প্রায় এক হাজার সাতশ ধরনের প্রাকৃতিক রোগ প্রতিরোধী উপাদান। বিজ্ঞানীরা এদের অভিহিত করেন এন্টিমাইক্রোবিয়াল পেপটাইড বা এএমপি নামে। এসব উপাদানের রাসায়নিক গঠনই এমন যে এগুলোর বিরুদ্ধে বিভিন্ন রোগজীবাণু সহজে প্রতিরোধ গড়ে তুলতে পারে না। সর্বোপরি এই উপদানগুলো নানা ধরনের জীবাণুর কোষপ্রাচীরে হামলা করতে পারে বলে রোগ প্রতিরোধে ঘামের ভূমিকাও আরও কার্যকর হয়ে ওঠে। আর এভাবেই যক্ষ্মা, কাঁটাছেড়া বা পোকামাকড়ের আক্রমণের ফলে সৃষ্ট ক্ষতের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয় ঘামের নানাবিধ উপদান। এ ছাড়া বিজ্ঞানীরা আরও জানিয়েছেন যে, সঠিকভাবে গবেষণা করা হলে ঘামের অন্য আরেক উপদান ডার্মসিডিনের মতো এই এএমপিগুলোকে ব্যবহার করেও নানা ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি করা সম্ভব হবে।