আগের নীতিমালা পরিবর্তন ও প্রয়োজনীয় সংযোজন করে প্রাইভেট প্লেসমেন্ট অব ডেট সিকিউরিটিজ রুলস, ২০১২-এর গেজেট প্রকাশ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন স্বাক্ষরিত প্রাইভেট প্লেসমেন্ট নীতিমালার গেজেট গত বুধবার কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
নীতিমালায় ঋণ বা ডেট সিকিউরিটিজ ছাড়ার ক্ষেত্রে ইস্যুয়ার বা এই সিকিউরিটিজ ছেড়ে ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠানের ঋণ (প্রস্তাবিত ইস্যুসহ) তার মোট দৃশ্যমান সম্পদের ৬০ শতাংশের বেশি হতে পারবে না বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া ইস্যুয়ার প্রতিষ্ঠানকে মুনাফা অর্জনের ক্ষেত্রে সুনামের অধিকারী হতে হবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে ইস্যুকৃত সিকিউরিটিজ একটি ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান দ্বারা মূল্যায়ন করার শর্তারোপ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী বাংলাদেশ হিসাবরক্ষণমান (বিএএস) অনুযায়ী হতে হবে এবং এটা বাংলাদেশ নিরীক্ষমাণ (বিএসএ) অনুযায়ী নিরীক্ষিত হতে হবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়।
নীতিমালায় মোটাদাগে ঋণ সিকিউরিটিজ বলতে বিভিন্ন ধরনের আর্থিক উপাদানকে বোঝানো হয়েছে, যা ব্যবহার করে বাজার থেকে ঋণ গ্রহণ করা যায় এবং যা দুইপক্ষের মধ্যে লেনদেন করা যায়। এসব উপাদানের মধ্যে রয়েছে বন্ড, ডিবেঞ্চার, কমার্শিয়াল পেপার ইত্যাদি। আর দৃশ্যমান সম্পদ বলতে কোনো প্রতিষ্ঠানের সেই ধরনের সম্পদকে বোঝাবে যেগুলোর বাহ্যিক সত্তা বা প্রকাশ আছে। এগুলোর মধ্যে রয়েছে:নগদ অর্থ, যন্ত্রপাতি ও জমি বা ভবন ইত্যাদি।
