আর্সেনালের বীরোচিত ব্যর্থতা, শেষ আটে বায়ার্ন

আপডেট : ১৪ মার্চ ২০১৩, ২০:২৬
জিতেও শেষ আটে যেতে পারল না আর্সেনাল। বরং নিজের মাঠে হেরেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বায়ার্ন মিউনিখ। মূলত বিপক্ষের মাঠে বেশি গোল করার সুবাদে এগিয়ে থেকে এই কৃতিত্ব দেখায় জার্মান জায়ান্টরা। বুধবার রাতে প্রতিযোগিতার আরেক খেলায় পর্তুগীজ ক্লাব পোর্তোকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় স্পেনের মালাগা। শেষ আট নিশ্চিত করা দলগুলোকে নিয়ে আগামীকাল শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের পক্ষ বিপক্ষ ঠিক করার ড্র অনুষ্ঠিত হবে। দলগুলো হলো- রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস, প্যারি সেন জার্মেই, বরুশিয়া ডর্টমুন্ড, বার্সেলোনা, গালাতাসারায়, বায়ার্ন মিউনিখ ও পোর্তো। ২৫ মে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলর এই খেলায় অপ্রত্যাশিতভাবে ভাল খেলে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে দেয়। কিন্তু নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে প্রথম লেগে অতিথিদের কাছে ৩-১ গোলে হারার মাশুল দিল কোচ আর্সেন ওয়েঙ্গারের দল। বায়ার্ন এই রাতে রক্ষণাত্মক ফুটবল খেলতে শুরু করলে তৃতীয় মিনিটে অলিভার গিরোডের দর্শনীয় গোলে এগিয়ে যায় মরিয়া আর্সেনাল। থিও ওয়ালকটের ক্রস থেকে গোলের সুযোগটি আসে। বায়ার্ন এ রাতে সমর্থকদের অবাক করে দিয়ে নিষ্প্রভ থাকে। শুধু তাই নয় দলটি কখনোই ছন্দে ফিরতে পারেনি। বিরতির পর আর্সেনাল প্রহরী লুকাসজ ফ্যাবিয়ানস্কি বায়ার্নে আর্জেন রোবেনকে ফিরিয়ে দিলে গোলের একটি সুযোগ হারায় স্বাগতিক দল। এরপর ৮৫ মিনিটে লরেন্ট কোসিয়েলনির হেড থেকে পাওয়া আরেকটি গোলে দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়ার শঙ্কা জেগেছিল জার্মানির সবচেয়ে সফল এই ক্লাবের। কিন্তু ওই এতটুকুই। তুষার ঝরা মিউনিখে আর্সেনাল সামপ্রতিক সময়ের বিচারে তাদের সেরা নৈপুণ্য দেখিয়েও ব্যবধান আর বাড়াতে পারেনি। এমনকি মিউনিখের দলটি শেষ পাঁচ মিনিট এবং ইনজুরি সময়ে বল কোনায় কোনায় মারার পরও। বায়ার্ন এর আগে ২০০৫ সালেও আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন নস্যাত করে দিয়েছিল। গানার্সদের এই হারে ১৯৯৫-৯৬ মৌসুমের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো দল থাকল না। ইংলিশরা অবশ্য সান্ত্বনা পেতে প্যারি সেন জার্মেইর হয়ে বেকহ্যামের খেলার সম্ভাবনা নিয়ে। এ নিয়ে আটটি মৌসুম ইউরোপে শিরোপাহীন থাকলো ওয়েঙ্গারের দল। এখন তাদের লক্ষ্য থাকবে প্রিমিয়ার লিগে শীর্ষ চারের মধ্যে জায়গা করে নেয়া যা তাদেরকে আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে খেলার যোগ্যতা পাইয়ে দেবে। এদিকে ইউরোপের সেরা ক্লাবগুলোর সর্বোচ্চ এ প্রতিযোগিতায় অভিষেকে দারুণ নৈপুণ্য দেখিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো স্প্যানিশ মালাগা। প্রথম লেগে ১-০ গোলে হারলেও রোসালেদা স্টেডিয়ামে পাওয়া ২-০ ব্যবধানের জয়ে দুই লেগ মিলিয়ে মালাগা অগ্রগামিত দাঁড়ায় ২-১। ম্যানচেস্টার সিটি থেকে ধারে আনা প্যারাগুয়ের স্ট্রাইকার রকি সান্তা ক্রুজের ৭৭ মিনিটের গোলে পোর্তোর বিদায় নিশ্চিত হয়ে যায়। এর আগে প্লেমেকার ইসকো প্রথমার্ধের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে স্বাগতিকদের এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর চার মিনিটের মাথায় পোর্তোর মিডফিল্ডার স্টিভেন ডেফোর দ্বিতীয় হলুদ কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় অতিথিরা। এদিকে উয়েফা জানিয়েছে শেষ ষোলর মধ্যকার আট বিজয়ীকে নিয়ে আজ উম্মুক্ত ড্র অনুষ্ঠিত হবে। এ পর্বে কোন ক্লাবকে আলাদাভাবে বাছাই করা হবে না। ড্র শেষে হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে ২ ও ৩ এপ্রিল। ফিরতি লেগ হবে ৯ ও ১০ এপ্রিল। এরপর ১২ এপ্রিল আবারো নিয়নে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ড্র।