চারবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার সর্বশেষ রাফায়েল নাদালের মুখোমুখি হয়েছিলেন এক বছর আগে। সেটাও ছিল ইন্ডিয়ান ওয়েলসে। তবে গেলবারের মতো সেমিফাইনালে নয়, এবার দুজনের দেখা হচ্ছে কোয়ার্টার ফাইনালে। গত বুধবার দুজনেই তিন সেটে প্রতিপক্ষকে হারিয়ে শেষ আটের টিকিট কাটেন। একইদিনে চতুর্থ রাউন্ডের বাধা পেরিয়ে আসেন অ্যান্ডি মারে ও নোভাক জোকোভিচও।
সুইশ তারকা রজার ফেদেরার জিতেছেন স্বদেশী স্ট্যানিসস্লাস ওয়ারিঙ্কার বিপক্ষে। বিশ্ব র্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা এই তারকা ৬-৩, ৬-৭ (৪/৭), ৭-৫ গেমে পুরনো বন্ধুকে হারাতে সময় নেন দুই ঘণ্টা ২০ মিনিট। বলতে গেলে দুই সুইসের এ লড়াইয়ে বাড়তি ঘাম ঝরিয়েই জিততে হয়েছে ফেদেরারকে। সাত মাসের ইনজুরি কাটিয়ে প্রত্যাবর্তনের পর চলতি মৌসুমের চতুর্থ টুর্নামেন্টে নাদাল ৪-৬, ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন ফর্মে থাকা লাটভিয়ান আর্নেস্ট গুলবিসকে। মাত্র এক মাস আগে কোর্টে ফেরা নাদাল নিজের অবস্থা সম্পর্কে খেলা শেষে বলেন, ‘টুর্নামেন্টের আগেই আমি বলেছিলাম আমার হাঁটু কোন কোন দিন ভাল থাকে, কোন কোন দিন সেরকম ভাল থাকে না। আজ (বুধবার) মোটামুটি ছিল। তবে আমি লড়ে গেছি। আমি লড়েছি প্রতিটি বলের জন্য।’
শিরোপাধারী ফেদেরার গতবার ইন্ডিয়ান ওয়েলসে নাদালের বিরুদ্ধে জিতেছিলেন সরাসরি সেটে। হার্ডকোর্টের আউটডোরে নাদালের বিপক্ষে এটি ছিল ফেদেরারের দ্বিতীয় জয়। তবে এ ধরনের কোর্টে পাঁচ জয়ে এগিয়ে স্প্যানিশ তারকা। সব ধরনের টেনিস লড়াইয়েও নাদাল ফেদেরারকে পেছনে ফেলেছেন ১৮-১০ ব্যবধানে।
অবশ্য টেনিস ভক্তরা পরিসংখ্যানকে পেছনে ফেলে এক বছর পর আবারো জিভে জল আনা লড়াইয়ের অপেক্ষাই করছে। দিনের অন্য ম্যাচে আর্জেন্টিনার কার্লোস বারলককে ৭-৬ (৭/৪), ৬-৪ গেমে হারিয়ে শেষ আটে উঠেছেন এন্ডি মারে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আরেক আর্জেন্টাইন হুয়ান মার্টিন দেল পোত্রোর মুখোমুখি হবেন স্কটিশ তারকা।
জোকোভিচ জিতেছেন স্যাম কুয়েরির বিপক্ষে। ৬-০, ৭-৬ গেমে আমেরিকানকে হারিয়েছেন শীর্ষ তারকা। শেষ আটের লড়াইয়ে জোকোভিচ লড়বেন ফ্রান্সের জো-উইলফ্রেড সোঙ্গার সঙ্গে। এছাড়া টমাস বার্ডিখ মুখোমুখি হবেন কেভিন এন্ডারসনের।
শারাপোভা কিরিলেঙ্কো সেমিতে
মেয়েদের এককে সেমিফাইনালে উঠেছেন দুই রাশিয়ান মারিয়া শারাপোভা ও মারিয়া কিরিলেঙ্কো। সারা এরানিকে ৭-৬, ৬-২ ব্যবধানে হারিয়েছেন গতবারের রানার্স-আপ শারাপোভা। অন্যদিকে ২০১১ সালের উইম্বলডন জয়ী পেত্রা কেভিতোভাকে ৪-৬, ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন কিরিলেঙ্কো।
