চলচ্চিত্রে আসার ঘোষণা দিয়েছেন বেশ আগেই। তবে যুত্সই স্ক্রিপ্ট পাচ্ছেন না বলে বার বার পেছাচ্ছেন তারিখ। সম্প্রতি একটি চলচ্চিত্রে অভিনয়ের কথা হলেও সারিকার বিপরীতে কাকে রাখা হবে তা নিয়ে জটিল জল্পনা কল্পনা শুরু হয়েছে। এদিকে ছোট পর্দায় বেশ দাপটের সাথেই কাজ করছেন তিনি। সর্বশেষ আবুল হায়াতের বিপরীতে প্রেমিকা চরিত্রে অভিনয় করে ব্যতিক্রমী আলোচনায় আসেন সারিকা। নিজের কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘যে কোন বয়সী কো আর্টিস্ট এর সাথে নিজেকে মানানসই করার জন্যই মূলত এই কাজটি করি। এছাড়া চলচ্চিত্রের ব্যাপারে এরই মধ্যে চূড়ান্ত ঘোষণা দিব। এর ভেতরে শাকিব খানের বিপরীতে আমার একটি চলচ্চিত্রের কথাও হচ্ছে। দেখা যাক শেষ অব্দি কি হয়।’ তবে সমসাময়িক অভিনেত্রীদের কলকাতা প্রীতি প্রসঙ্গে সারিকারও ওপারবাংলায় কাজের কোন অভিপ্রায় আছে কি না জানতে চাইলে তিনি বলেন,‘ আমি মনে করি, আমার দেশে একটা দৃঢ় অবস্থান না করে কলকাতায় ছবি করতে যাওয়াটা বোকামী। এ কারণেই আপাতত দেশীয় চলচ্চিত্রেই নিজের অবস্থান শক্ত করতে চাই।’
