বিচারকদের বেতনভাতা বাস্তবায়ন সংক্রান্ত রিপোর্ট ১৫ এপ্রিল দাখিলের নির্দেশ

আপডেট : ১৪ মার্চ ২০১৩, ২১:২২
বিচারকদের বেতন ভাতা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আগামী ১৫ এপ্রিল দাখিল করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন। বিচারকদের বেতন ভাতা বাড়ানোর বিষয়ে সরকারের প্রস্তাব সংশোধন সাপেক্ষে গতকাল গ্রহণ করেছে আদালত। একই সঙ্গে বেতন ভাতা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আগামী ১৫ এপ্রিল আদালতে দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে। চার সচিবকে সময় সাপেক্ষে আদালতে ব্যক্তিগত হাজির হওয়া থেকে অব্যাহতি দিয়েছে আদালত। প্রয়োজন হলে তাদের আবারো ডাকা হবে বলেও উল্লেখ করে আপিল বিভাগ। আদালত আদেশে আরো বলেন, জেলা বিচারকদের ৫ বছর অতিক্রান্ত হলে তাদের সিলেকশন গ্রেডে উন্নিত করতে হবে। বিচারিক ভাতা ২০ শতাংশ থেকে ৩০ শতাংশে উন্নীত করতে হবে। জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করায় গত ২৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ, অর্থ, আইন ও জনপ্রশাসন সচিবের প্রতি আদালত অবমাননার রুল জারি করে তাদের আদালতে হাজির হতে আদেশ দেয় আপিল বিভাগ। আদেশ অনুসারে আদালতে গতকাল তারা হাজির হন এবং নির্দেশনা বাস্তবায়নের একটি প্রস্তাব আদালতে দাখিল করেন। বিষয়টির ওপর শুনানি শেষে আদালত প্রস্তাবে কিছুটা সংশোধন করে আদেশ দেয়।