মিশেলের জন্মদিনে অ্যাডেল
আগামী বছর যুক্তরাষ্ট্রের ‘ফার্স্ট লেডি’ মিশেল ওবামার ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে গাইবেন অস্কার জয়ী সঙ্গীতশিল্পী অ্যাডেল। খবর এশিয়ান নিউজ সার্ভিসের। ডেইলি স্টারের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, হোয়াইট হাউজে অনুষ্ঠিতব্য ঐ জন্মদিনের অনুষ্ঠানে গান পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছেন অ্যাডেল। এর জন্য কোনো পারিশ্রমিকও নেবেন না তিনি। অনুষ্ঠানে অ্যাডেল ছাড়াও থাকবেন বিয়োন্সে। ২৪ বছর বয়সী অ্যাডেল পারিশ্রমিক না নেবার সিদ্ধান্ত নিলেও তাকে অর্থ প্রদান করা হবে বলে জানিয়েছেন মিশেল ওবামা। — বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম
সৌদিতে নতুন ভাইরাস
সার্স প্রজাতির একটি নতুন প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে এক ব্যক্তি মারা গেছে। নতুন এ ভাইরাসটিতে বিশ্বে এ পর্যন্ত ১৫ জন আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছে। মঙ্গলবার সার্স ধরনের রোগ ছড়িয়ে পড়ার সামপ্রতিক পরিস্থিতি সম্পর্কে জানাতে গিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লি¬উএইচও) এসব কথা জানিয়েছে। ডবি¬্লউএইচও জানায়, ২৪ ফেব্রুয়ারি ৩৯ বছর বয়সী ঐ ব্যক্তির শরীরে নোবেল করোনাভাইরাস (এনসিওভি)-এর লক্ষণ ধরা পড়ে এবং ২ মার্চ তিনি মারা যান। -রয়টার্স
মঙ্গলে মানুষ!
মার্কিন ধনকুবের ডেনিস টিটো ঘোষণা করেছেন, তিনি ২০১৮ সালে মঙ্গলগ্রহে মানুষ পাঠানোর জন্য একটি মহাকাশ-অভিযান স্পনসর করবেন। ঐ বছরেই সৌরজগতের লাল গ্রহ মঙ্গল পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে, তার পরেও অবশ্য পৃথিবী থেকে সেখানে পাড়ি দিতে অন্তত পাঁচশ’ দিন লাগবে। এই মঙ্গলের বুকে না নামলেও তার খুব কাছ দিয়েই ঘুরে আসবেন দুই মহাকাশচারী। এই দারুণ উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের নামকরণ করা হয়েছে ইনস্পিরেশন মার্স প্রোজেক্ট । —বিবিসি
আদালতের ক্ষমতা খর্ব
ইউরোপীয় ইউনিয়নকে তোয়াক্কা না করেই হাঙ্গেরি সাংবিধানিক আদালতের ক্ষমতা সীমিত করল। সংবিধান বদলে সাংবিধানিক আদালতের ক্ষমতা খর্ব করলেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর ওর্বান। এতে আদালতের শুধু সংসদের প্রণীত আইনের বিচার করার অধিকার রইল। ফলে হাঙ্গেরির গণমাধ্যম, কেন্দ্রীয় ব্যাংক, বিচার বিভাগ এবং অপরাপর সরকারি প্রতিষ্ঠানের স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট জোসে মানুয়েল বারোসো ওর্বানকে ফোন করে তার উদ্বেগ জানিয়েছেন। —এএফপি
চীনে হাজার হাজার মৃত শূকর
চীনের সাংহাই রাজ্যের মধ্যদিয়ে প্রবাহিত সাংহাই নদীর শাখানদী ‘হুয়াংপু’ থেকে ৫ হাজার ৯১৬টি মৃত শূকর ছানা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার এ মৃত শূকরগুলো নদী থেকে সরানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সাংহাই কর্তৃপক্ষ। শূকরগুলো কি কারণে মারা গেছে তা এখনো স্পষ্ট জানা যায়নি। তবে কর্তৃপক্ষ বলছে, ঠান্ডা আবহাওয়ার কারণেও শূকরগুলোর মৃত্যু হয়ে থাকতে পারে। নদীতে এতগুলো মৃত শূকর পাওয়ার খবরে স্থানীয়দের মাঝে উদ্বেগ-উত্কণ্ঠা বেড়ে যাওয়ায় সরকার মানুষকে আশ্বস্ত করে এ বিবৃতি দিয়েছে। পাশের ঝেজিয়াং রাজ্যের জিয়াসিন থেকে শূকরগুলো এসে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। — বিবিসি
