খেমাররুজ নেতা লেঙ্গ স্যারির মৃত্যু

আপডেট : ১৪ মার্চ ২০১৩, ২১:২৭
সাবেক জ্যেষ্ঠ খেমারুজ নেতা লেঙ্গ স্যারি মারা গেছেন। কম্বোডিয়ার জাতিসংঘ সমর্থিত যুদ্ধাপরাধ আদালত এই তথ্য জানিয়েছে। ১৯৭৫-৭৯ সময় পর্যন্ত কম্বোডিয়ায় মাওবাদী শাসক পলপটের শাসনামলে গণহত্যার বিচারে গঠিত আদালতে ৮৭ বছর বয়সী স্যারির বিচার চলছিল। পলপটের সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন স্যারি। তিনি ছিলেন ওই সময়ে কম্বোডিয়ার সঙ্গে বহির্বিশ্বের যোগাযোদের একমাত্র মাধ্যম। স্যারিসহ অপর ৩ জনের বিরুদ্ধে পলপটের শাসনামলে প্রায় ২২ লাখ মানুষকে হত্যার অভিযোগ আনা হয়। আদালতের মুখপাত্র লার্স ওলসেন বলেন, ‘আমরা নিশ্চিত করছি লেঙ্গ স্যারি আজ (বৃহস্পতিবার) সকালে হাসপাতালে মারা গেছেন।’ তাকে ৪ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়। লেঙ্গ স্যারি ‘ব্রাদার নাম্বার থ্রি’ বলেও পরিচিত। ২০১১ সালের নভেম্বরে তাকে ‘ব্রাদার নাম্বার টু’ খ্যাত নুওন চে ও সাবেক রাষ্ট্র্রপ্রধান খিউ সাম্পানের সঙ্গে বিচারের মুখোমুখি করা হয়। তারা তিনজনই তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাখ্যান করেন। লেঙ্গ স্যারির স্ত্রী ইয়াঙ থেরিথকেও বিচারের মুখোমুখি করা হয়। কিন্তু আলঝেইমারে আক্রান্ত হওয়ায় শারীরিকভাবে অক্ষমতার কারণে থেরিথকে ছেড়ে দেয়া হয়। লেঙ্গ স্যারি ছিলেন খেমারুজ শাসক ‘ব্রাদার নাম্বার ওয়ান’ খ্যাত পলপটের শ্যালক। খেমারুজ প্রতিষ্ঠায় পলপটের অন্যতম সহযোগী ছিলেন স্যারি।