আগে ঘর সামলানো, না অর্থনীতিকে চাঙ্গা করা ইউরোপের দেশগুলোতে এই বিড়ম্বনা নিয়ে আলোচনা আরো তীব্র হয়ে উঠছে। ২০১২ সালে আংশিক মন্দার কবলে পড়ার পর ইউরোপ আবার প্রবৃদ্ধির পথে ফিরতে চাইছে। — খবর ডয়চে ভেলের।
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা ওইসিডি-র রিপোর্ট অনুযায়ী ইউরো এলাকা অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে ফিরতে চলেছে। জার্মানিতে এর লক্ষণ স্পষ্ট। জার্মানির রপ্তানির মাত্রাও বেড়ে চলেছে। অন্যদিকে ইউরোস্ট্যাট-এর তথ্য-পরিসংখ্যানের দিকে তাকালে বলতে হয় গত বছর দুর্বল দেশগুলো সত্যি মন্দার কবলে পড়েছিল। গোটা ইউরো এলাকায় অর্থনীতি ০.৬ শতাংশ হারে সঙ্কুচিত হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, শুধু কড়া হাতে ব্যয় সংকোচের সিদ্ধান্ত সঠিক ছিল কিনা। নাকি অ্যামেরিকার দৃষ্টান্ত অনুসরণ করে ‘স্টিমুলাস প্যাকেজ’ দেয়া উচিত ছিল? এই প্রশ্নে ইউরোপ দু’টি শিবিরে ভাগ হয়ে পড়েছে। ফ্রান্সের নেতৃত্বে কিছু দেশ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে পদক্ষেপের ডাক দিচ্ছে। অন্যদিকে জার্মানিসহ বেশ কিছু দেশের বক্তব্য ব্যয় সংকোচ ও সংস্কার ছাড়া কোনো পথ নেই। চলতি সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে বিষয়টি গুরুত্ব পাবে।
