ভারতের কেরালায় দুই মত্স্যজীবী হত্যায় অভিযুক্ত দুই ইতালীয় নৌসেনাকে ফেরত না দিলে রোমকে এর ‘পরিণাম’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। কড়া ভাষায় তিনি বলেন, নৌসেনাদেরকে হস্তান্তরে ইতালির অস্বীকৃতি মেনে নেয়া যায় না। নৌসেনাদের ফেরত পাঠানোর দাবির মুখেও ইতালির অনঢ় অবস্থান ভারত সরকার এবং বিরোধীদলের জন্য ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেন মনমোহন। মঙ্গলবার ভারত দিল্লিতে ইতালির রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে। আর তখনই হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ইতালির সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে এর পরিণাম ভাল হবে না। গতকাল বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্ট ইতালির রাষ্টুদূতকে ভারত ত্যাগ না করার নির্দেশ দিয়েছে। রাষ্ট্রদূতকে ১৮ মার্চের মধ্যে আদালতে জবাব দিতে বলা হয়েছে।
ওদিকে, ইতালি সম্প্রীতি বজায় রেখে বিষয়টির একটি সমাধান খুঁজতে ভারতকে কূটনীতিকদের একটি বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়েছে। দুই ইতালীয় নৌসেনার বিরুদ্ধে অভিযোগ, তারা ২০১২ সালের ফেব্রুয়ারিতে দু’জন ভারতীয় জেলেকে হত্যা করেছে। তবে অভিযুক্তদের দাবি, তারা জলদস্যু ভেবেই জেলেদের হত্যা করেছে। ভারতের সুপ্রিম কোর্ট ম্যাসিমিলিয়ন লাতোরে এবং স্যালভাতোর গিরোনে নামের অভিযুক্ত দুই নৌ সেনাকে আটকের পর গত মাসে ইতালিতে অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিতে যাওয়ার অনুমতি দেয়। তবে দুই সপ্তাহের মধ্যে তাদের ভারতে ফিরে আসার নির্দেশও দেয়া হয়েছিল। কিন্তু সোমবার ইতালি সরকার ভারতকে জানিয়েছে, অভিযুক্ত নৌসেনাদের ফেরত দেয়া হবে না। ইতালির এ সিদ্ধান্তেই দু’দেশের মধ্যে দেখা দেয় কূটনৈতিক বিরোধ। বুধবার সকালে ভারতের পার্লামেন্টে ইতালিকে কড়া ভাষায় কথা শুনিয়ে দেন মনমোহন।
