বাফুফে কর্তাদের কাছে উপেক্ষিত সাবেক তারকা ফুটবলাররা

আপডেট : ১৪ মার্চ ২০১৩, ২১:৪৫
স্বাধীনতা কাপ ফুটবলের ড্র অনুষ্ঠানে বাফুফের কর্মকর্তারা ছাড়াও ছিলেন জাতীয় দলের সাবেক তিন ফুটবলার। সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু, ঢাকা লিগের শততম গোলদাতা ইমতিয়াজ আহমেদ নকিব এবং সাবেক স্ট্রাইকার মিজানুর রহমান ডন। নির্দিষ্ট পাত্র থেকে ক্লাবগুলোর নাম লেখা সংবলিত কুপন তোলার আগেই জানিয়ে দেয়া হয় নাম তিনটি। দু’টি কুপন তোলার পর তৃতীয়টি তোলার প্রয়োজন হয় না। কারণ তৃতীয় নামটি আগেই জানা হয়ে যায়। এই নামগুলো তুলেছেন বাবলু এবং নকিব। বাফুফের নীতি নির্ধারকরা উপেক্ষা দেখিয়ে হাসানুজ্জামান খান বাবলু এবং নকিবকে দিয়ে অপ্রয়োজনীয় নামগুলো তুলিয়েছেন। আর সাবেক স্ট্রাইকার মিজানুর রহমান ডন তো আড়ালেই পড়ে রইলেন। তাকে ডাকাই হয়নি। ফুটবলের ড্র অনুষ্ঠানে ফুটবলারদের উপস্থিতি মর্যাদা বাড়ায়। কিন্তু তারা অনুষ্ঠানে আসলেও সব সময় উপেক্ষার পাত্র হয়ে থাকেন। ব্যাপারটা অবশ্য নতুন কিছু নয়।