১৯৭১ সালে দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মাত্র ৪টি বিভাগ নিয়ে যাত্রা শুরু হলেও সময়ের চাহিদায় এখন তা গিয়ে পৌঁছেছে ৩৬-এ। রয়েছে সেলিম আল দীন প্রতিষ্ঠিত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।
গত কয়েক বছরে খোলা হয়েছে নতুন আরো কয়েকটি বিভাগ। এর মধ্যে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স, আইন ও বিচার এবং চারুকলা বিভাগ অন্যতম। নতুন নতুন বিভাগ খোলা হলেও বাড়েনি একাডেমিক ভবন। যেখানে পুরাতন বিভাগগুলোতেই শ্রেণিকক্ষের অভাব সেখানে নতুন বিভাগ যোগ দেয়ায় দেখা দিয়েছে ভয়াবহ শ্রেণিকক্ষ সংকট।
অবাক করার মতো তথ্য হলো- গত বছর চালু হওয়া জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগ ক্লাসরুম ছাড়াই তাদের কার্যক্রম শুরু করে। ঐ বিভাগের শিক্ষার্থীরা টিএসসির খালি কক্ষে দাঁড়িয়ে ক্লাস করতে বাধ্য হয়।
পুরাতন বিভাগগুলোর মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, প্রত্নতত্ত্ব বিভাগ ও পরিবেশ বিজ্ঞান বিভাগসহ আরো কয়েকটি বিভাগে শ্রেণিকক্ষের সংকট রয়েছে। আবাসিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষের সংকট কোনোভাবেই মেনে নেয়া যায় না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত অচিরেই এসব বিভাগের শ্রেণিকক্ষের সংকট নিরসন করে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবনে ফিরিয়ে আনা।
মাহতাব উদ্দীন রবিন,
শিক্ষার্থী ইতিহাস বিভাগ,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,
সাভার, ঢাকা
