পরস্পরবিরোধী অবস্থান থেকে সরে এসে আলোচনায় বসুন

আপডেট : ১৪ মার্চ ২০১৩, ২২:৪৫
পরস্পরবিরোধী অবস্থান থেকে সরে এসে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান। তিনি বলেছেন, ‘তারা (দুই নেত্রী) চাইলে আমরা যে কোনো সময় আলোচনায় বসার ব্যবস্থা করতে পারি।’ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জেন্ডার এজেন্ডা: আধুনিক উন্নয়নশীল বিশ্বে জেন্ডার সমতা প্রয়োজন’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ড. মিজানুর রহমান এ আহ্বান জানান। জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ, ক্যাম্পেইন ফর সাসটেইনেবল রুর্যাল লাইভলিহুড (সিএসআরএল), সেন্টার ফর গ্লোবাল চ্যালেঞ্জ (সিজিসি) এবং অক্সফাম যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, ‘সরকারি ও বিরোধী-দুই দলই আলোচনা চায়। সরকারি দলের সঙ্গে বিরোধী দলের নেত্রীও যুদ্ধাপরাধের বিচার চান। তারা আলোচনায় বসলে যুদ্ধাপরাধের বিচার সংশ্লিষ্ট প্রশ্নসহ সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে।’ দেশে চলমান সহিংসতা প্রসঙ্গে ড. মিজানুর রহমান বলেন, ‘যে মাসে অধিকার এবং স্বাধীনতার কথা বলার কথা, সে মাসে একটি অপশক্তি নারী ও শিশুদের সহিংসতার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সহজে বলা যায়, নারী ও শিশুর ওপর পাখির মতো গুলি চালানো হয়েছে।’ নারী ও শিশুদেরকে এ ধরনের সহিংসতায় ঠেলে দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। রাজনৈতিক অবস্থা প্রসঙ্গে ড. মিজানুর রহমান বলেন, দেশ একটি নষ্ট রাজনীতির ভেতরে ডুবে গেছে। তিনি বলেন, ধর্মাচরণের স্বাধীনতার অর্থ- প্রত্যেক মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করবে। অথচ একটি শ্রেণী ধর্মীয় উন্মাদনাকে ব্যবহার করছে। তিনি ধর্মীয় উন্মাদনাকে অনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করতে সকলের প্রতি আহ্বান জানান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহের আফরোজ চুমকি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন। তারা বলেছেন, নারীর অধিকারই মানবাধিকার। আরো আলাদা করে বলতে গেলে বলতে হয়, নারীর অধিকার যেন কোনভাবেই লঙ্ঘিত না হয়। একমাত্র গণতন্ত্রই পারে নারীর অধিকার সুরক্ষা করতে। তাই আজকের নারীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ গণতন্ত্রের ধারাবাহিকতাকে টিকিয়ে রাখা। ধর্মের নামে গণতন্ত্রের গতিকে যেন কোনভাবেই বাধাগ্রস্ত করা না হয় এবং নারীকে পেছনে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র যেন না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। আলোচনা সভায় বক্তব্য রাখেন সিএসআরএল কর্মকর্তা শারমিন্দু নীলোর্মি, অক্সফাম ক্যাম্পেইন-এর সমন্বয়ক জাকিয়া হক প্রমুখ।