তিন পুলিশসহ চার বাংলাদেশিকে ফেরত দেয়নি নাসাকা

আপডেট : ১৪ মার্চ ২০১৩, ২২:৫১
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে ৩ পুলিশ সদস্যসহ আটক ৪ জনকে এখনো ফেরত দেয়নি নাসাকা বাহিনী। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দীর্ঘ ২ ঘণ্টা ধরে বিজিবি পতাকা বৈঠকের আহ্বান জানালেও নাসাকা বাহিনী বিভিন্ন অজুহাত দেখিয়ে কৌশলে তা প্রত্যাখ্যান করায় বিজিবির কর্মকর্তারা নিরাশ হয়ে কর্মস্থলে ফিরে এসেছেন। বিজিবি সূত্রে জানা গেছে, উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির ও উখিয়া টিভি রিলে কেন্দে নিরাপত্তায় কর্মরত ৩ পুলিশ কনস্টেবল ইরফান সরকার (নং-১৭৮৫), ইমরান হোসেন (১২৫৮), মুজিবুর রহমান (১০৫৮) ও কুতুপালং বাজারের ব্যবসায়ী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ডুমুরিয়া বেপারি পাড়া এলাকার মখলেছুর রহমানের পুত্র সাইফুল ইসলামকে (১৮) গত বুধবার সন্ধ্যায় ঘুমধুম সীমান্তের নোম্যান্স এলাকা থেকে মিয়ানমারের নাসাকা বাহিনী ধরে নিয়ে যায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কৌতূহলবশত অজ্ঞতার কারণে সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে সীমান্তের ওপারে বেআইনীভাবে অনুপ্রবেশ করার দায়ে নাসাকার সদস্যরা তাদের আটক করে। এঘটনায় পুলিশ ও বিজিবিসহ সরকারের সংশ্লিষ্টরা বুধবার রাত থেকে আটককৃতদের মিয়ানমার থেকে ছাড়িয়ে আনতে জোর চেষ্টা করেও ব্যর্থ হয়। ফলে বুধবার রাতেই ১৭ বিজিবির পক্ষে ঘুমধুম বিওপি কমান্ডার সুবেদার মোজাম্মেল এ বিষয়ে জরুরি ভিত্তিতে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে মিয়ানমারের ঢেঁকিবুনিয়া নাসাকা ক্যাম্প কমান্ডারের নিকট চিঠি প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খালেকুজ্জামান পিএসসি ও ঘুমধুম বিজিবির বিওপি কমান্ডার মোজাম্মেল হক সীমান্তের জিরো পয়েন্টের বেইলি ব্রীজের উপর অবস্থান নেয়ার পরও পতাকা বৈঠক অনুষ্ঠিত না হওয়ায় বিজিবির কর্মকর্তারা কর্মস্থলে ফিরে আসেন। গতকাল বৃহস্পতিবার মিয়ানমার থেকে দুপুর ১টার পরে ফিরে ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খালেকুজ্জামান পিএসসি মিয়ানমারের ঢেঁকিবুনিয়া নাসাকা ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার অংতু-এর বরাদ দিয়ে সাংবাদিকদের জানান, বিজিবি ও নাসাকার মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান থাকায় নাসাকা সদস্যরা এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে মিয়ানমারের ৩নং নাসাকার সেক্টর অধিনায়ক ও সহকারী অধিনায়ক কর্মস্থলে না থাকায় কাঙ্ক্ষিত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি বলে তিনি জানান। কবে নাগাদ পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বা আটককৃতদের ছেড়ে দেয়া হবে কিনা তাও তারা নিশ্চিত করে বলতে পারে নি।