উত্সবমুখর পরিবেশের মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচনের গতকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দুই দিনে মোট ভোট পড়েছে ৩ হাজার ২০৭টি। বুধবার থেকে সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে (মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে) তা চলে বিকাল ৫টা পর্যন্ত। ৩৮টি বুথে ভোটাররা তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে মোট ভোটার ৪ হাজার ৪৫ জন। প্রথম দিনে ১ হাজার ৬ শত ৬২ জন ভোটার ভোটাধিকার প্রদান করেন। নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সাবেক এটর্নি জেনারেল এডভোকেট এজে মোহাম্মদ আলী ও সম্পাদক পদে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি এবং সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে এডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও সম্পাদক পদে রবিউল আলম বুদু প্যানেল নির্বাচনে লড়ছেন।
