ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩টি সড়ক দুর্ঘটনায় দীর্ঘ যানজট

আপডেট : ১৪ মার্চ ২০১৩, ২৩:০১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার জিংলাতলী ও ইলিয়টগঞ্জ এবং চান্দিনা উপজেলার গোমতায় পৃথক সড়ক দুর্ঘটনায় বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত যানজটে অটকা পড়ে হাজার হাজার যাত্রী দুর্ভোগের শিকার হয়। দাউদকান্দি ও ময়নামতি হাইওয়ে থানা পুলিশ এবং যাত্রীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলীর নিকট একটি কাভার্ডভ্যান উল্টে গেলে রাস্তার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত সাড়ে ১০টায় যানবাহন চলাচল শুরু হয়। রাত ২টার দিকে ইলিয়টগঞ্জের নিকট অপর একটি ট্রাক সড়কের উপর উল্টে যায়। পরে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার পুলিশ রেকার দিয়ে গাড়িটি সরিয়ে নিলে ভোরে ধীরে ধীরে যানবাহন চলাচল শুরু করে। দুইটি দুর্ঘটনায় যানজটের রেশ কাটতে না কাটতেই চান্দিনার গোমতার নিকট বৃহস্পতিবার ভোরে মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনা কবলিত গাড়িটি সরিয়ে নিলে সকাল ৯টার দিকে যানবাহন চলাচল শুরু হয়। ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট মো. হাছান জানান, চালকদের বেপরোয়াভাবে যানবাহন চলাচলের কারণেই এ যানজটের সৃষ্টি হয়েছে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, একদিকে এক রাতে ৩টি দুর্ঘটনা অপরদিকে মেঘনা ও মেঘনা-গোমতী সেতু ৬ দিন বন্ধ থাকবে বিধায় অতিরিক্ত যানবাহনের চাপে এ যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল দুপুর ১টায় ঐ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।