গল্প নয় সত্যি

ভুল ছবির খেসারত!

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ১৭:৪১
গণমাধ্যমের সামান্য ভুলও যে কত বড় ঝামেলায় ফেলে দিতে পারে সেটি এখন হাড়ে হাড়েই টের পাচ্ছে ডেনমার্কের একটি টিভি চ্যানেল। বিশেষ করে, সংবাদের মতো একটি আয়োজনে যেখানে হাজারও দর্শকের চোখ থাকে সেখানে সামান্যতম ভুল করেও যে পার পাওয়া মুশকিল সেটাও নতুন করে আরও একবার বুঝতে পারছে টিভি টু নামের এই ডেনিশ টিভি চ্যানেলটি। আর এই ঝামেলার সূত্রপাত হয় যখন সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে উপস্থাপিত গুরুত্বপূর্ণ একটি সংবাদ প্রতিবেদনের ব্যাকগ্রাউন্ড ভিউ (সংবাদ পড়ার সময় পাঠক-পাঠিকার পেছনে যে ছবি বা ভিডিও দেখা যায়) এবং প্রতিবেদনের মাঝে ভুলবশত জুড়ে দেওয়া হয় অ্যাসাসিন ক্রিড নামের একটি জনপ্রিয় ভিডিও গেমের দৃশ্য। ঘটনার বিবরণে জানা যায়, আলোচিত এই সংবাদের শুরুতে সংবাদ পাঠিকা সিসিলি বেক যখন সিরিয়ার গৃহযুদ্ধ এবং দামাস্কাসের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ পরিবেশন শুরু করেন তখন তার পেছনের ডিজিটাল ব্যাকড্রপে দামাস্কাসের যে স্ক্রিন শটটি দেখা যায় সেটি ছিল অ্যাসাসিন ক্রিড গেমের একটি দৃশ্য। গেমারদের দুনিয়ায় সাড়া জাগানো এই অ্যাডভেঞ্চার গেমটির পটভূমি ছিল ৭২০ বছর আগের দামাস্কাস শহর। ফলে বর্তমান দামাস্কাসের পরিবর্তে ৭২০ বছর আগের কল্পিত এই দামাস্কাসের চিত্র স্বভাবতই ধাক্কা দেয় সে সময় টিভি টু-এর সংবাদ দেখতে থাকা দর্শকদের। তবে ব্যাকড্রপের এই ভুলটি হয়তো অতোটা বড় হয়ে ধরা দিত না যদি না একই ভুল সংবাদের মধ্যেও আরেকবার করা না হতো। কিন্তু নিজেদের খামখেয়ালির কারণে সিরিয়ার বর্তমান পরিস্থিতির এই রিপোর্টে সাম্প্রতিক সময়ের সংঘর্ষের চিত্র দেখানোর পরই আবারও সিরিয়ার রাজধানীর ভার্চুয়াল মানচিত্র হিসেবে দেখানো হয় অ্যাসাসিন ক্রিডের তৈরি ৭২০ বছর আগের সিরিয়ার দৃশ্য। তার চেয়েও বড় কথা একই সংবাদের পুনঃপ্রচারের সময়ও বিষয়টি কর্তৃপক্ষের চোখে না পড়ায় খুব সহজেই দর্শকেরা এই ভুলের চিত্র ধারণ করে তা ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। এ পর্যায়ে নিজেদের ভুল বুঝতে পারলেও ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য তখন অনেক দেরি হয়ে গেছে। আর তাই শেষতক নিজেদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে টিভি টু’র সংবাদ বিভাগের প্রধান জ্যাকব নিব্রো জানিয়েছেন, এই সংবাদটি উপস্থাপনার দায়িত্বে থাকা গ্রাফিক ডিজাইনার ইউটিউবের একটি ক্লিপ থেকে দামাস্কাসের চিত্র সংগ্রহ করতে যেয়েই জন্ম দিয়েছেন অসস্তিকর ও লজ্জাকর এই ভুলের।