হাওরে ইঞ্জিন নৌকা চলে ঝুঁকি নিয়ে

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ১৯:৫৩
পূর্বাঞ্চলের হাওর এলাকাসহ বিভিন্ন নদ-নদীতে বিপুল সংখ্যক ইঞ্জিনচালিত নৌকা রুট পারমিট ছাড়া চলাচল করছে। মালিকরা এগুলোকে যাত্রীবাহী লঞ্চে পরিণত করেছে। যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। ফলে অহরহ দুর্ঘটনা ঘটছে। যাত্রীরা প্রায়ই নৌ-ডাকাতের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে। গত একবছরে হাওর এলাকাসহ বিভিন্ন নদ-নদীতে শতাধিক নৌ-ডাকাতি হয়েছে। গত কয়েক বছরে ডাকাতের গুলিতে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে। এসব নৌ-ডাকাতির সাথে অনেক নৌকায় মাঝিও জড়িত বলে অভিযোগ রয়েছে। এছাড়া অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে নৌকা ডুবে দুর্ঘটনাও ঘটে থাকে। পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার হাওর অঞ্চলে চলাচলকারী নৌকা কিংবা ইঞ্জিন নৌকায় জীবনরক্ষাকারী কোন সরঞ্জামও থাকে না। ফলে দুর্ঘটনায় অনেক সময় প্রাণহানি ঘটে থাকে। একসময় এসব অঞ্চলের মানুষ লঞ্চে চলাচলে করত। কিন্তু ইঞ্জিন নৌকা চালু হওয়ার পর মানুষ বিপদের ঝুঁকি নিয়েও এসব নৌকায় যাতায়াত করে থাকে। ইঞ্জিন নৌকা চলাচল যদিও বেআইনী কিন্তু মানুষের প্রয়োজনের কাছে এই আইন এখন স্থবির। এক শ্রেণীর মুনাফালোভী মালিক তাদের ইঞ্জিন নৌকায় বেআইনীভাবে যাত্রী ও মালামাল পরিবহন ছাড়াও নানা অপরাধমূলক কাজে ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে।