মাগুরায় পুলিশ ও র্যাব বৃহস্পতিবার সকালে একটি শক্তিশালী হাতবোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে। জেলা প্রশাসকের অফিস ভবনের সামনের একতলা ভবনের বিআরটিএ অফিসের সামনের বারান্দায় বোমাটি পড়েছিল। বোমাটি দেখার পর পুলিশে খবর দেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুলিশ এলাকাটি ঘিরে রেখে র্যাবকে খবর দিলে র্যাবের বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। বোমাটি বিস্ফোরিত হলে চারদিকে আগুন ধরে যাওয়ার আশংকা ছিল বলে জানা যায়। মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বোমা রেখে যাওয়ার সঙ্গে কারা জড়িত এবং কি কারণে এই ঘটনা ঘটাতে চেয়েছিল সে বিষয়ে পুলিশ তদন্ত করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
