সিংড়ায় পুলিশ ফাঁড়ি প্রত্যাহারে আতঙ্ক

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ১৯:৫৮
হামলার আশংকায় নাটোরের সিংড়া উপজেলার দুর্গম কালীগঞ্জে পুলিশ ফাঁড়ির জনবল সরিয়ে নেয়ায় আতংকিত হয়ে পড়েছে সেখানকার সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা। যদিও জেলা পুলিশ প্রশাসন বলছে, পুলিশ ফাঁড়িটি অরক্ষিত হওয়ায় সাময়িক এ ব্যবস্থা নেয়া হয়েছে। উল্লেখ্য, সেখানে ৩০ জন পুলিশ সদস্য তিনটি মোবাইল টিম নিয়ে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে ছিল। ইতিমধ্যে কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানমালের নিরাপত্তার জন্য স্থানীয়ভাবে বসিয়েছেন পাহারাদার। ২৮ ফেব্রুয়ারি সাঈদীর রায় ঘোষণার পর দুপুরে জামায়াত-শিবির কর্মীরা লালপুর উপজেলার ওয়ালিয়া ফাঁড়ির ইনচার্জ আবদুর রউফসহ সাত পুলিশকে মারধর করে গাড়িতে আগুন দিয়ে অস্ত্র-গোলাবারুদ লুট করে। আরও উল্লেখ্য, ২০০৫ সালে সিংড়া উপজেলার বামিহাল পুলিশ ফাঁড়িতে হামলা করে সর্বহারা দল অস্ত্র লুট ও ৪ জন আনসার সদস্যকে হত্যা করে। পরে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার অজুহাতে বামিহাল পুলিশ ফাঁড়ি প্রত্যাহার করা হয়। গত ৮ মার্চ কালীগঞ্জ পুলিশ ফাঁড়িও প্রত্যাহার করা হলো। নাটোরের অতিরিক্তি পুলিশ সুপার আপেল মাহমুদ জানান, নিরাপত্তার অভাবে কালিগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র ৮ মার্চ সন্ধ্যা ৬টায় প্রত্যাহার করে নেয়া হয়। তবে সিংড়া থানা থেকে দু’টি মোবাইল টিম এলাকার নিরাপত্তায় কাজ করবে।