সৈয়দপুরে নিপা ভাইরাসে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মৃত্যু \ রেড এলার্ট জারি

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ১৯:৫৯
নীলফামারী জেলার সৈয়দপুরে ঘাতক নিপাহ ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সৈয়দপুর। নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে স্বামী-স্ত্রীসহ তিন জনের মৃত্যুতে গোটা উপজেলায় রেড এলার্ট জারি করেছে স্বাস্থ্য বিভাগ। ভাইরাসের আক্রমণ রোধে উপজেলার ৫টি ইউনিয়নে কাজ করছে ৫টি মেডিক্যাল টিম। ঢাকাস্থ জাতীয় রোগতত্ত্ব বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর নিপাহ ভাইরাস শনাক্ত করার পর এই রেড এলার্ট জারি করা হয়েছে। ইতিমধ্যে ৪টি মেডিক্যাল টিম ভাইরাস সংক্রমণের তদন্ত সম্পন্ন করেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ষষ্ঠীচরণ চক্রবর্তী জানান, শহরের নতুন মুন্সিপাড়া নিবাসী নাজমা খাতুনের মাথা ধরা ও জ্বরে আক্রান্ত হয় গত ১১ ফেব্রুয়ারি। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে অবস্থার অবনতি হলে ১৩ ফেব্রুয়ারি ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। একই রোগে আক্রান্ত হয়ে নাজমা খাতুনের স্বামী শাহনেওয়াজ গত ২৬ জানুয়ারি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। এর মধ্যে উপজেলার কাশিরাম বেলপুকুর বাঁশতলা গ্রামের অধিবাসী শামসুল (৪৫) একই কারণে মারা যায়।