রামগড় উপজেলার প্রত্যন্ত পল্লী মরা কয়লা থেকে গত বুধবার রাতে মোহন চাকমা (৪২) নামে এক ব্যক্তিকে অপহরণ করেছে একদল পাহাড়ি সন্ত্রাসী। জেএসএস(সন্তু) গ্রুপের বোরখা পার্টি নামে একটি সন্ত্রাসী গ্রুপকে এ অপহরণের জন্য দায়ী করা হয়েছে। সেনাবাহিনী মোহন চাকমাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। অপহূতের স্ত্রী জাবরী চাকমা জানান, বুধবার রাত ৩টার দিকে ১৫/২০জন সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীদল একটি চাঁদেরগাড়ি করে এসে প্রথমে তাদের বাড়ি ঘেরাও করে ফেলে। পরে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তারা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিন্মি করে মূল্যবান জিনিসপত্র খুঁজে বের করে নেয়। যাওয়ার সময় সন্ত্রাসীরা গৃহকর্তা মোহন চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। গ্রামবাসীরা জানান, মোহন চাকমা এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি। ইউপিডিএফের শুভাকাঙ্ক্ষী হিসাবে তিনি পরিচিত। এদিকে ইউপিডিএফের রামগড় ইউনিট সংগঠক ধন চাকমা অভিযোগ করে বলেন, জেএসএস(সন্তু)’র সন্ত্রাসী গ্রুপ বোরখা পার্টি মোহন চাকমাকে অপহরণ করেছে।
