পল্লীকবি জসীমউদ্দীনকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ২০:০২
পল্লী কবি জসীমউদ্দীনকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচনসহ বিভিন্ন আয়োজনে ফরিদপুরে গত বৃহস্পতিবার পালিত হলো তার ৩৭তম মৃত্যুবার্ষিকী। পল্লী কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে খ্যাতিমান আলোকচিত্র শিল্পী নাসির আলী মামুন সম্পাদিত ও প্রকাশনা সংস্থা আদর্শ থেকে প্রকাশিত ‘মাটি ও মানুষের কবি জসীমউদ্দীন’ গ্রন্থের প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেছে ফরিদপুর প্রেসক্লাব। প্রকাশনা উত্সবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহাবুবুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাসিনা বানু। প্রকাশনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দীকির সভাপতিত্বে কবির জীবন চরিত্রের ওপর আলোচনায় আরো অংশ নেন—প্রবীণ সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ, কবি পুত্র ড. জামাল আনোয়ার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক আলতাফ হোসেন, রবীন্দ্র গবেষক ড. বিপ্লব বালা, গ্রন্থের প্রকাশক মাহাবুবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রেশাদুল হাকীম প্রমুখ।