যুক্তরাষ্ট্র ও তালেবানকে নিয়ে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ‘উস্কানিমূলক’ বক্তব্য ন্যাটো বাহিনীকে ‘ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে’ বলে মন্তব্য করেছেন নেটো কমান্ডার জেনারেল জোসেফ ডানফোর্ড।
কারজাই গত রবিবার যুক্তরাষ্ট্র এবং তালেবানের সমালোচনা করে বলেন, তারা আফগানিস্তানে ভীতি ছড়াচ্ছে এবং দেশে যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী করার চেষ্টা চালাচ্ছে।
জাতীয় টেলিভিশন সম্প্রচারে কারজাই খোস্ত এবং কাবুলে দুটি তালেবান হামলার কথা উল্লেখ করে বলেন, “এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র এবং তালেবান দুইই আফগানদেরকে একথাই বোঝাতে চাইছে যে, ২০১৪ সালে ন্যাটো সেনা প্রত্যাহারের পর দেশের পরিস্থিতি আরো খারাপ হবে।” “তালেবানের নামে এ সমস্ত বোমা হামলার উদ্দেশ্য আসলে বিদেশিদের অনুকূল পরিবেশ সৃষ্টি করা, আফগানিস্তানে বিদেশি বাহিনীর উপস্থিতির পক্ষ নেয়া এবং মানুষকে ভয়-ভীতি দেখিয়ে বিদেশিদেরকে আফগানিস্তানে রাখা”, বলেন কারজাই।
তার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে ন্যাটো কমান্ডার ডানফোর্ড ঊর্ধ্বতন সামরিক কামান্ডারদের কাছে পাঠানো এক সতক বার্তায় বলেন, “তার (কারজাই) এ বক্তব্য কাউকে কাউকে আমাদের বাহিনীর বিরুদ্ধে হামলা চালানোর পথ করে দিতে পারে।” “কারজাইয়ের মন্তব্য আফগান নিরাপত্তা বাহিনীকে বিদেশি বাহিনীর বিরুদ্ধে হামলা চালাতে উত্সাহিত করতে পারে” বলেও সতর্ক করেন ডানফোর্ড। মেইলে পাঠানো তার এ বার্তাটির কপি ‘দ্য নিউইয়র্ক টাইমস’ হাতে পাওয়ার পর তা প্রকাশ্যে আসে।
