দক্ষিণ আফ্রিকার ২৮ শতাংশ স্কুলছাত্রী ঘাতক ব্যাধি এইডস-এ আক্রান্ত। সে তুলনায় স্কুলছাত্ররা এইডস আক্রান্ত হচ্ছে কম। এইডসের জীবাণু এইচআইভি বহন করছে মাত্র ৪ শতাংশ স্কুলছাত্র। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী অ্যারোন মোতসোয়ালেদি এ তথ্য দিয়েছেন বলে জানায় ‘দ্য সোয়েতান’ পত্রিকা। মন্ত্রী জানান, ২০১১ সালে ৯৪,০০০ স্কুলছাত্রী গর্ভবতী হয়ে পড়ে এবং এর মধ্যে ৭৭,০০০ ছাত্রী গর্ভপাত ঘটায়। তরুণদের কাছ থেকে নয় বরং বেশিরভাগ ক্ষেত্রেই বয়স্ক পুরুষদের কাছ থেকে স্কুলছাত্রীদের মধ্যে এইচআইভি সংক্রমণ ঘটছে। স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, এইচআইভি বহনকারী মেয়েদের অনেকের বয়স ১০ থেকে ১৪ বছর।
